প্রথমবার দ্বিপক্ষীয় বৈঠক করলেন পার্ক ও আবে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গতকাল সোমবার দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ওই দুই নেতার মধ্যে এটাই প্রথম বৈঠক। সংশ্লিষ্ট ব্যক্তিরা আগেই জানিয়েছিলেন, ওই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করা হবে না। খবর আল-জাজিরার।
সোমবারের ওই বৈঠককে শিনজো আবের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এই অঞ্চলে চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র তার প্রধান দুই এশীয় মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়াকে পরস্পরের মধ্যে সম্পর্কের উন্নয়নের জন্য চাপ দিয়ে আসছিল।
এদিকে নিরাপত্তা-সংক্রান্ত সহযোগিতা ও বাণিজ্যকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে ঐতিহাসিক শত্রুতা ও অঞ্চলগত বিরোধকে পাশ কাটিয়ে সিউলে গত রোববার চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় সম্মেলনে অংশ নেন ওই দুই নেতা। বৈঠকের পর যৌথ বিবৃতিতে তিন নেতা বলেন, বাণিজ্য ও নিরাপত্তায় সম্পর্ক তাঁরা ‘পুরোপুরি পুনঃস্থাপন’ করেছেন।