প্রথমবারের মতো ভোট দিলেন সৌদি নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী রিয়াদে গতকাল ভোট দেওয়ার পর কয়েকজন নারী l এএফপি
রাজধানী রিয়াদে গতকাল ভোট দেওয়ার পর কয়েকজন নারী l এএফপি

সৌদি আরবের নারীরা গতকাল শনিবার এক ঐতিহাসিক পৌর নির্বাচনে ভোট দিয়েছেন। দেশটির অতিরক্ষণশীল ইসলামি শাসনব্যবস্থায় নারীরা এই প্রথম ভোটার এবং প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন। খবর এএফপির।
রাজতান্ত্রিক সরকার ব্যবস্থার দেশ সৌদি আরবে কেবল কম ক্ষমতার পৌর পরিষদের সদস্যরাই জনগণের ভোটে নির্বাচিত হন। বিবিসি জানায়, এবারের পৌর নির্বাচনে ৯৭৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই লড়াইয়ে পুরুষ প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৯৩৮।
নারীদের প্রথমবারের মতো ভোটার ও প্রার্থী হতে পারার কারণে সৌদি আরবের এবারের পৌর নির্বাচন বেশ কিছুদিন ধরেই আলোচিত বিষয়। দেশটিতে এখনো নারীদের গাড়িচালনা নিষিদ্ধ।
সৌদি আরবে সব ধরনের প্রকাশ্য স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। তাই পৌর নির্বাচনের নারী প্রার্থীরা প্রচারাভিযানের সময় কোনো পুরুষ ভোটারের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাননি। নিবন্ধিত ভোটারদের মধ্যে নারীর সংখ্যা ১০ শতাংশেরও কম। তাই নারী প্রার্থীদের নির্বাচিত হওয়ার সুযোগও খুব কম।
রিয়াদের মধ্যাঞ্চলের এক নারী প্রতিদ্বন্দ্বী ও শিশুরোগ বিশেষজ্ঞ আমল বাদরেলদিন আল-সারওয়ারি বলেন, তিনি জয়ের জন্য প্রার্থী হননি। নির্বাচনে অংশগ্রহণই তাঁর বিজয়।
২৮৪ আসনের পৌর পরিষদের এক-তৃতীয়াংশ আসনে পৌরবিষয়ক মন্ত্রণালয় সরাসরি নিয়োগ দিয়ে থাকে। তাই নারীরা আশা করছেন, তাঁরা গুটিকয়েক আসন হলেও পাবেন।
রিয়াদের প্রান্তে অবস্থিত দিরিয়া অঞ্চলের নারী প্রার্থী আলজাজি আল-হোসাইনি ১২ দিন ধরে ইন্টারনেটে নির্বাচনী প্রচারাভিযান চালিয়েছেন। তাঁর ওয়েবসাইটে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে। আল-হোসাইনি বলেন, ‘নির্বাচনে অংশ নিতে পেরেই আমি গর্বিত।’ তবে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সব সৌদি নারীর অভিজ্ঞতাই এ রকম সুখকর নয়। গত মাসে নির্বাচনী প্রচারকাজের সময় তিন নারীর প্রার্থিতা বাতিল হয়েছে।