প্রধান বিচারপতির অভিশংসন ঠেকালেন সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার প্রধান বিচারপতিকে অভিশংসিত করার সরকারি উদ্যোগকে ঠেকিয়ে দিয়েছেন। সরকারের এ প্রচেষ্টা বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল বলে মনে করছে দেশটির বিভিন্ন মহল।
নেপালের ক্ষমতাসীন জোটের প্রধান দুটি দল প্রধান বিচারপতি সুশীলা কারকির বিরুদ্ধে রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ আনার পর সরকার গত রোববার তাঁকে অভিশংসিত করার উদ্যোগ নেয়। কয়েক দিন আগে সুশীলা কারকি পুলিশ বাহিনীর প্রধান পদে সরকারের মনোনীত কর্মকর্তা জয় বাহাদুর চাঁদের নিয়োগ আটকে দেন। প্রসঙ্গত, সুশীলা দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি।
সর্বোচ্চ আদালত গতকাল এক আদেশে বলেছেন, প্রধান বিচারপতিকে অভিশংসনের সরকারি পদক্ষেপ সংবিধানের চেতনার পরিপন্থী।
জাতিসংঘ তীব্র সমালোচনা করে বলেছে, প্রধান বিচারপতিকে অভিশংসিত করার সরকারি উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দৃশ্যত বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করাই এর লক্ষ্য।