প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়নের পর ইরাকি শিয়ারা আরও বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকটে জর্জরিত ইরাকের নতুন প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শিয়া সম্প্রদায়ের হায়দার আল-ইবাদি। সুন্নি জঙ্গিদের অগ্রাভিযান রুখতে শিয়াপন্থী রাজনৈতিক দলগুলোর তাঁর পেছনে এককাট্টা হওয়ার কথা থাকলেও উল্টো এ মনোনয়ন নিয়ে তাদের বিভাজন আরও তীব্র হয়েছে। রাজধানী বাগদাদে ক্ষমতার দ্বন্দ্বও নাটকীয়ভাবে বাড়ছে।
ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির রাজনৈতিক দল দাওয়া পার্টিরই বিশিষ্ট নেতা ইবাদি। তিনি ইরাকি পার্লামেন্টের ডেপুটি স্পিকার। মালিকির স্থলাভিষিক্ত হওয়ার জন্য ইবাদির পক্ষে ১২৭ জন শিয়া আইনপ্রণেতা সমর্থন দেওয়ার পর নতুন প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম গত সোমবার এক ডিক্রি জারি করে তাঁকে সরকার গঠনের আহ্বান জানান।
ইরাকের নতুন সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের সবচেয়ে বড় জোটই সরকার গঠন করবে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মালিকির দাবি, গত মে মাসের নির্বাচনের পর পার্লামেন্টে তাঁর নেতৃত্বাধীন স্টেট অব ল জোটই সংখ্যাগরিষ্ঠ। কারণ, তাঁদের আসনসংখ্যা ৯৪। কিন্তু মালিকির শিয়া প্রতিদ্বন্দ্বীদের দাবি, তাঁদের জাতীয় জোটই পার্লামেন্টে সবচেয়ে বড়। কয়েকটি বড় শিয়া রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এই জোটের আসনসংখ্যা ১৭০।
জাতীয় জোটের (এনএ) প্রধান ইব্রাহিম আল-জাফরি গত সোমবার প্রেসিডেন্ট মাসুমের কাছে প্রধানমন্ত্রী পদের জন্য জোটের প্রার্থীর নাম জমা দেন। এর সঙ্গে জাতীয় জোট যে ইরাকি পার্লামেন্টের সবচেয়ে বড় জোট তার সপক্ষে নথি উপস্থাপন করা হয়। নথিতে বলা হয়, মালিকির স্টেট অব ল জোটের শরিক দাওয়া জোটের প্রধান হচ্ছেন ইবাদি। এতে মালিকির তেল ও জ্বালানিবিষয়ক ডেপুটি হুসেইন আল-শাহরিস্তানি ও প্রধানমন্ত্রী পদে মনোনয়ন পাওয়া ইবাদি নিজেসহ বিশিষ্ট শিয়া নেতাদের সই রয়েছে। পার্লামেন্টে স্টেট অব ল জোটের ৯৪ আসনের মধ্যে ৩৮টি দাওয়ার। হুসেইন আল-শাহরিস্তানির নেতৃত্বে রয়েছে ১৪ জন স্বতন্ত্র সাংসদের একটি জোট।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা আলী আল-সিস্তানি বেশ কয়েকবার মালিকির পদত্যাগ করা উচিত বলে ইঙ্গিত দেওয়ার পর নতুন প্রধানমন্ত্রী আসছে এ ধারণা ক্রমেই জোরালো হচ্ছিল।
এদিকে মালিকি সহজে হাল ছাড়ছেন না। তিনি অভিযোগ করেছেন, ইবাদি নিজের প্রতিনিধিত্ব করছেন; দাওয়া ব্লকের নয়। ‘জাল সই’ উপস্থাপন করে তিনি স্টেট অব ল জোটের সমর্থন দেখিয়েছেন।
গবেষণা প্রতিষ্ঠা চ্যাঠাম হাউসের ইরাকি বিশ্লেষক হায়দার আল-খোয়ে বলেন, ‘মালিকিকে উড়িয়ে দেবেন না। রাজনৈতিকভাবে তিনি শেষ হয়ে গেছেন। কিন্তু তিনি এখনো অভিজাত নিরাপত্তা বাহিনী এবং নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর একটা বিশাল নেটওয়ার্ককে নিয়ন্ত্রণ করছেন। তিনি চাইলে সমস্যা বাঁধিয়ে দিতে পারবেন।’