প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান রাজাপক্ষে

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে দেশটির মূল ধারার রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছেন। রাজাপক্ষের ঘনিষ্ঠ সহযোগী কুমার বলগামা গতকাল রোববার রাজাপক্ষের এই অভিপ্রায়ের কথা জানান। খবর এনডিটিভির।
কুমার বলগামা বলেন, ‘রাজাপক্ষে শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি (এসএলএফপি) বা ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের (ইউপিএফএ) হয়ে প্রধানমন্ত্রী পদে লড়তে পারেন। তবে ওই দুই জোটেরই প্রধান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ৬৯ বছর বয়সী রাজাপক্ষের প্রতিদ্বন্দ্বিতার বিরোধিতা করছেন। তবে বলগামা বলেন, সিরিসেনা এবং রাজাপক্ষের মধ্যে আলোচনা আয়োজনের জন্য গঠিত ছয় সদস্যের কমিটি রাজাপক্ষের প্রার্থিতাকে সমর্থন করেছে। রাজাপক্ষে প্রেসিডেন্ট থাকার সময় সিরিসেনাকে দল থেকে বহিষ্কার করেন। তবে প্রেসিডেন্ট নির্বাচনে সিরিসেনার বিজয়ের পর দলের নেতৃত্ব তাঁর হাতে ছেড়ে দেন রাজাপক্ষে।
গত শুক্রবার প্রেসিডেন্ট সিরিসেনা পার্লামেন্ট ভেঙে দেন। আগামী ১৭ আগস্ট সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।