প্রবীণতম পুরুষ সাকারি মোমোই

যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয়ের প্রথম উড়োজাহাজ ওড়ানোর কয়েক মাস আগে জাপানে জন্ম নিয়েছিল এক বালক। সেই বালকের বয়স এখন ১১১ বছর। আজ বুধবার তাঁকে পৃথিবীর প্রবীণতম পুরুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
এএফপির খবরে জানানো হয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আজ ওই ব্যক্তিকে বিশ্বের প্রবীণতম পুরুষের সনদপত্র দিয়েছে। তাঁর নাম সাকারি মোমোই। ফুকুশিমার মিনামিসোমা এলাকায় ১৯০৩ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। জাপানের একটি উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন তিনি অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
সাকারি মোমোই এখন জাপানের রাজধানী টোকিওর একটি কেয়ার হোমের বাসিন্দা। এত বয়স সত্ত্বেও শ্রবণশক্তির দুর্বলতা ছাড়া তেমন কোনো শারীরিক অসুস্থতা নেই তাঁর। স্থানীয় গণমাধ্যমের মতে, এখনো বই পড়া ও টেলিভিশনে ঐতিহ্যবাহী সুমো কুস্তিগিরদের লড়াই বেশ উপভোগ করেন সাকারি।
সনদপত্র পাওয়ার পর আজ সাংবাদিকদের সাকারি বলেন, আরও অন্তত দুটি বছর বাঁচতে চান তিনি।
সাকারি মোমোইয়ের আগে বিশ্বের প্রবীণতম ব্যক্তি ছিলেন ১১৬ বছর বয়সী যুক্তরাষ্ট্রের আলেক্সান্দার ইমিচ। গত জুনে তিনি মারা যান।
সাকারি মোমোইয়ের এই স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে জাপানও বিশ্বের প্রবীণতম ব্যক্তিদের আবাসস্থল হিসেবে স্বীকৃতি পেল। কেননা জাপানের ১১৬ বছর বয়সী মিসাও ওকাওয়া কিছুদিন আগে বিশ্বের প্রবীণতম নারী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
দীর্ঘায়ু ব্যক্তিদের বাসস্থান হিসেবে জাপানের বরাবরই সুনাম রয়েছে। দেশটির জনসংখ্যার এক-তৃতীয়াংশ নাগরিকের বয়স ৬৫ বছর বা তার বেশি।