অবশেষে নিষেধাজ্ঞা আর অবরোধের জাল থেকে ইরানকে মুক্তি দিল জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র। বছরের পর বছর দর-কষাকষি আর একঘরে করে ফেলার হুমকির পর এ দিনটি এল। অবরোধ প্রত্যাহারের ফলে ইরান ও এর জনগণই যে শুধু উপকৃত হবে তাই নয়, এর প্রভাব পড়বে বিশ্ববাজারেও। বিতর্কিত পরমাণু কর্মসূচির জন্য ইরানের ওপর এ সব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রভাব কেমন হতে পারে আন্তর্জাতিক গণমাধ্যমে তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। অপরিশোধিত তেল কেনার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে গুরুত্বপূর্ণ হলো, বাণিজ্য, নৌপরিবহন ও বিমা-সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়গুলো।
ব্যাংক-বিমাসহ ইরানের পুরো অর্থনৈতিক ব্যবস্থা থেকেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পাশাপাশি দেশটির কালো তালিকাভুক্ত ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলো এখন থেকে ইইউর সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারবে। এ ব্যাপারে জার্মান-ইরান চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল টকাস বলেন, ‘এটা এমন একটা দিন, যার জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি। বিরাট পরিবর্তন আসছে।।’
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে ওই ৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইইউ। অবশ্য যারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তালিকাভুক্ত হয়েছিল, তারা এখনো নতুন সুবিধার বাইরে থাকবে।
ইরানের অর্থনীতি, বিশেষত ব্যাংকিং খাতকে পঙ্গু করে রাখা অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রও। তবে এ দেশটিও সন্ত্রাসবাদকে প্রশ্রয়দানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে না। এর মধ্যে আছে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী।
ইরানের পরমাণু কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করা নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবগুলোও রদ হচ্ছে। তবে এর অর্থনৈতিক প্রভাব ইইউ বা যুক্তরাষ্ট্রের তুলে নেওয়া নিষেধাজ্ঞার প্রভাবের চেয়ে কম।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিশ্ববাজারে তেলের যে দর তাতে ইরান তেল রপ্তানি করে আগামী বছরের মধ্যে এক হাজার কোটি ডলার আয় করতে সক্ষম হবে।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবমতে, অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের সুবিধা হিসেবে তেহরান তার তিন হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের ওপর কর্তৃত্ব ফিরে পাবে। বিপুল অঙ্কের এই সঞ্চয় বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানের ব্যাংক হিসাবগুলোতে জব্দ হয়ে রয়েছে। মার্কিন রাজস্ব বিভাগ বলছে, জব্দকৃত অর্থের অঙ্ক বেড়ে এখন পাঁচ হাজার কোটি ডলারে উঠেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, অবরোধ উঠে যাওয়ায় আগামী ২০১৬-১৭ অর্থবছরে ইরান প্রায় ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে; যা এখন প্রায় শূন্যের কোঠায়।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইরান বিশ্ববাজারে তার নিজ সামর্থ্য বা বাজারচাহিদা অনুযায়ী অপরিশোধিত তেল রপ্তানি করতে পারবে। তেহরানের আশা, এখন তারা দৈনিক তেল রপ্তানি আগের চেয়ে পাঁচ লাখ ব্যারেল বাড়াতে সক্ষম হবে। আগামী বছরের মধ্যে দৈনিক মোট রপ্তানি দাঁড়াতে পারে প্রায় ২৫ লাখ ব্যারেলে। এর ফলে বিশ্ববাজারে তেলের মূল্যে নিম্নমুখী প্রবণতাই কেবল দেখা যাবে। ইতিমধ্যে ব্যাপকভাবে পড়ে যাওয়া তেলের দর আরও কমবে।
বিশ্লেষকদের মত, তেল ও অন্য বাণিজ্যের বাইরে ইরানের সঙ্গে ভবিষ্যৎ বিশ্ব বাণিজ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেটা হলো, ব্যাংক খাতের সম্পর্ক। তবে ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়তে ঠিক কতগুলো ব্যাংক আগ্রহী হবে তা এখনই স্পষ্ট নয়।