প্রমোদতরী ডুবে নিখোঁজ ৪০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের ইয়াংজি নদীতে ডুবে যাওয়া প্রমোদতরী থেকে মঙ্গলবার একজনকে জীবিত উদ্ধার করেন ডুবুরিরা l রয়টার্স
চীনের ইয়াংজি নদীতে ডুবে যাওয়া প্রমোদতরী থেকে মঙ্গলবার একজনকে জীবিত উদ্ধার করেন ডুবুরিরা l রয়টার্স

আইপ্যাডে স্বামীর ছবিটি আঙুল দিয়ে দেখিয়ে দুজনের যুক্তরাষ্ট্র ভ্রমণের কথা বলছিলেন শেন শুহা। সেখানে একটি প্রমোদতরিতে নয় দিন আনন্দময় সময় কাটিয়েছিলেন তাঁরা। সাগরের বুক চিরে পৌঁছে গিয়েছিলেন কিউবা পর্যন্ত। সে ঘটনার ছয় মাসও পার হয়নি। এবারও নৌবিহার সেই একই ধরনের এক প্রমোদতরিতে। তবে এবার ৭৮ বছর বয়সী স্বামী একাই গিয়েছিলেন। তাঁর ভাগ্যে কী ঘটেছে, তা ভাবতেই কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলেন ৭৩ বছর বয়সী শুহা।

চীনের দক্ষিণাঞ্চলে ইয়াংজি নদীতে গত সোমবার একটি প্রমোদতরি ডুবে যাওয়ার পর গতকাল পর্যন্ত যে চার শতাধিক মানুষ নিখোঁজ ছিলেন, তাঁদেরই একজন শুহার স্বামী।

আশঙ্কা করা হচ্ছে, চীনে গত ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় নৌ দুর্ঘটনা হতে চলেছে সোমবার রাতের ওই প্রমোদতরি ডুবে যাওয়ার ঘটনা। একটি ঘূর্ণিঝড়ে নৌযানটি ডুবে যাওয়ার সময় এতে ৪৫৬ জন যাত্রী ছিলেন, যাঁদের বেশির ভাগই বয়োবৃদ্ধ পর্যটক। গতকাল বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ পাওয়া গেছে ২৬টি। নৌযানটির ক্যাপ্টেনসহ মাত্র ১৪ জনকে জীবিত উদ্ধার করা গেছে। আরও কাউকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।

 চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ‘ইস্টার্ন স্টার’ নামের প্রমোদতরিটি পূর্বাঞ্চলীয় শহর নানজিং থেকে গত মে মাসের শেষের দিকে যাত্রা করে। ১১ দিনের এ যাত্রার গন্তব্য ছিল প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চোংকিং। ৬ হাজার ৩০০ কিলোমিটার দৈর্ঘ্যের ইয়াংজি নদীর মাঝ বরাবর হুবেই প্রদেশের দামাঝু এলাকায় সোমবার রাতে সেটি ডুবে যায়।

চোংকিং ইস্টার্ন শিপিং করপোরেশনের মালিকানাধীন নৌযানটির ধারণক্ষমতা ছিল সর্বোচ্চ ৫৩৪ জন। ঘটনার সময় এতে ছিলেন ৪৫৬ জন আরোহী। এর মধ্যে ৪০৫ জন পর্যটক এবং ৪৬ জন জাহাজটির ক্রু ও সদস্য। বাকি পাঁচজন ভ্রমণ সংস্থার কর্মী। সাংহাইভিত্তিক একটি পর্যটন সংস্থার মাধ্যমে ওই পর্যটকেরা প্রমোদ ভ্রমণটির বুকিং দিয়েছিলেন।

গতকাল নৌ চলাচল কর্তৃপক্ষের রেকর্ড থেকে দেখা গেছে, নিরাপত্তাজনিত নিয়মকানুন ভঙ্গের অভিযোগে দুই বছর আগে জাহাজটির বিরুদ্ধে তদন্ত হয়েছিল।

উদ্ধার হওয়া ক্যাপ্টেনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাঁর ভাষ্যমতে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দুই মিনিটের মধ্যেই নৌযানটি ডুবে যায়। আবহাওয়া বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে চীনা গণমাধ্যমও বলেছে, ঘটনার সময় ওই এলাকায় একটি ‘আকস্মিক, শক্তিশালী ও প্রচণ্ড’ ঝড় আঘাত হেনেছিল। ঘূর্ণিঝড়ের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার।

তবে বিশেষজ্ঞরা এতে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের মতে, খারাপ আবহাওয়া এত বড় একটি জাহাজকে কীভাবে এত কম সময়ের মধ্যে পানিতে ডুবিয়ে দিল, তা বোধগম্য নয়। কারণ, ঘটনার সময় ওই এলাকায় আরও কিছু নৌযান ছিল, যেগুলোর দৃশ্যত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চীনা গণমাধ্যমের খবরে বলা হয়, উদ্ধারকর্মীরা যে ১৪ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন, তাঁদের মধ্যে কয়েকজন নৌযানটির ভেতরে আটকা পড়ে ছিলেন। এর মধ্যে একজন ৬৫ বছরের নারীও আছেন। উদ্ধারকারীরা মঙ্গলবারও নৌযানটির ভেতর থেকে সাহায্যের জন্য লোকজনের চিৎকার শুনতে পেয়েছেন। তবে গতকাল কোনো সাড়াশব্দ এসেছে কি না, তা জানা যায়নি। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল। বর্তমানে নদীটির ভাটির দিকে ২২০ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধারকাজে নিয়োজিত আছেন দুই শতাধিক ডুবুরি।

চীনে এত বড় নৌ দুর্ঘটনার নজির খুবই কম। ১৯৪৮ সালে দেশটির হুয়াংপু নদীতে বাষ্পচালিত নৌযান ছিয়াংগিয়া বিস্ফোরিত হয়ে এক হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটেছিল।