প্রশাসককে পদত্যাগের সময় বেধেঁ দিল আন্দোলনকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনকারী ছাত্রনেতারা সেখানকার প্রশাসক লিউং চুন-ইংকে আজ বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। না হলে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো অবরুদ্ধ করে দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে তাঁরা গতকাল বুধবার সতর্ক করে দিয়েছেন। খবর এএফপি, এপি, রয়টার্স ও বিবিসির।
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের কেন্দ্রস্থলে গতকাল হাজার হাজার মানুষ টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভে যোগ দেয়। গতকাল ছিল চীনের ৬৫তম জাতীয় দিবস।
১৯৪৯ সালের এই দিনে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। উত্তেজনাকর পরিস্থিতি ও উদ্বেগের মধ্য দিয়ে হংকংয়ের কর্তৃপক্ষ এবং বিক্ষোভকারীরা দিবসটি উদ্যাপন করে। আন্দোলনের নেতারা চীনের পতাকা উত্তোলন কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভস্থলের পরিস্থিতি শান্ত থাকলেও আন্দোলনকারীরা তাঁদের দাবিতে অটল রয়েছেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কাও রয়েছে। চীনের কর্তৃপক্ষ আবারও এ আন্দোলনের নিন্দা জানিয়েছে। আর মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, হংকংয়ের বিক্ষোভের প্রতি সমর্থনকারী বেশ কয়েকজনকে চীনের মূল ভূখণ্ডে আটক করা হয়েছে।
বিক্ষোভকারীদের অবস্থান গুরুত্বপূর্ণ আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে সেখানকার বেইজিংপন্থী সরকার চাপের মুখে পড়েছে।
লিউং চুন-ইং গতকাল জাতীয় দিবসের বক্তব্যে বলেন, সব সম্প্রদায়ের মানুষ সরকারকে ‘শান্তিপূর্ণ, আইনসংগত, যৌক্তিক ও প্রায়োগিক’ সহায়তা দেবে বলে তাঁরা আশা করেন। এতে করে সাংবিধানিক অগ্রগতির পথে বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
অন্যদিকে, আন্দোলনকারী ছাত্রদের সংগঠন স্কলারিজমের মুখপাত্র অস্কার লেই বলেন, তাঁরা চীনের ৬৫তম বার্ষিকী উদ্যাপন করছেন না। তিনি মনে করেন, চলমান রাজনৈতিক বিশৃঙ্খলা এবং চীনে মানবাধিকারকর্মীদের ওপর অব্যাহত নিপীড়নের মধ্যে দিনটি উৎসবের উপলক্ষ নয়, বরং বিষাদময়।
হংকংয়ের নতুন প্রশাসক নির্বাচন প্রশ্নে গত মাসে চীনের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে এ বিক্ষোভ শুরু হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা পদের জন্য ২০১৭ সালে অনুষ্ঠেয় নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের আগে বেইজিং মনোনীত করবে।
বৃহত্তর নির্বাচনী সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রনেতারা চীনের কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি বা কর্মকর্তার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। হংকং ফেডারেশন অব স্টুডেন্টসের নেতা লেস্টার শাম বলেন, চীনের প্রতিনিধিরা চত্বরে এসে গণমানুষের উদ্দেশে কথা বলতে পারেন। কোনো নির্দিষ্ট সংগঠন এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে না।
যুক্তরাজ্য ১৯৯৭ সালে হংকংকে চীনের হাতে ফিরিয়ে দেয়। এর পর থেকে সেখানে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ।
এদিকে দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ নোবেলবিজয়ী ডেসমন্ড টুটু গতকাল হংকংয়ের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি আন্দোলন দমনের চেষ্টার জন্য পুলিশের নিন্দা করেন। এ ছাড়া চীনের প্রতি ‘নিজের জনগণের আকাঙ্ক্ষাকে ভয় না পাওয়ার’ আহ্বান জানান।