মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার প্রথম বার্ষিকী ছিল গতকাল রোববার। চোখের জলে নিখোঁজ স্বজনদের স্মরণ আর কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর মাধ্যমে দিনটি পালন করেছে ভুক্তভোগী পরিবারগুলো। একই দিন উড়োজাহাজটি নিখোঁজের ঘটনার একটি অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে তাতে এর ভাগ্যে কী ঘটেছিল, সে ব্যাপারে কোনো তথ্য নেই। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা। খবর এএফপি ও বিবিসির।
অন্তর্বর্তী প্রতিবেদনটিতে জানানো হয়েছে, উড়োজাহাজটির ‘ব্ল্যাক বক্সে’ থাকা পানির নিচের বস্তু শনাক্তকারী যন্ত্রটির ব্যাটারির মেয়াদ পেরিয়ে গিয়েছিল। তবে মহাসাগরে উড়োজাহাজটির তল্লাশিকাজে এখন পর্যন্ত কোনো সফলতা না পাওয়ার পেছনে এটা কোনো প্রভাব ফেলেছে কি না, তা স্পষ্ট নয়।
উড়োজাহাজটির আরোহীদের নিকটাত্মীয়রা কুয়ালালামপুর ও বেইজিংয়ে নানা কর্মসূচির মাধ্যমে গতকাল রোববার ঘটনার এক বছর পূর্তি স্মরণ করে। তারা দাবি জানিয়েছে, অনেক ব্যয়বহুল ও কষ্টসাধ্য হলেও চলমান তল্লাশিকাজ চালিয়ে যেতে হবে। ফ্লাইটটির কেবিন ক্রু তত্ত্বাবধায়ক প্যাট্রিক গোমেজের স্ত্রী জ্যাকুইটা গঞ্জালেস বলেন, ‘আমি যে একমাত্র জবাবটা চাই, তা হলো উড়োজাহাজটির হদিস।... পুরো বিশ্ব শুনেছে, তিনি (নাজিব রাজাক) কী বলেছেন। সুতরাং, তাঁরা তাঁদের প্রতিশ্রুতি থেকে পিছু হটতে পারেন না।’
আন্তর্জাতিক একটি তদন্ত দল গতকাল যে প্রতিবেদনটি প্রকাশ করেছে, তাতে উড়োজাহাজটির ক্রু বা এর অবস্থা সম্পর্কে এমন কোনো তথ্য হাজির করা হয়নি, যাতে করে এর নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে কোনো কারণ অনুমান করা যেতে পারে। তবে উড়োজাহাজটির ফ্লাইট ডেটা রেকর্ডারের যে যন্ত্রটি পানির নিচে অবস্থান শনাক্ত করতে সহায়তা করে, সেটির ব্যাটারির মেয়াদ ২০১২ সালের ডিসেম্বর মাসেই উত্তীর্ণ হয়ে গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মালয়েশিয়া এয়ারলাইনসের বোয়িং ৭৭৭-২০০ ইআর মডেলের উড়োজাহাজটি গত বছরের ৮ মার্চ রাতে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ভারত মহাসাগরে এটি বিধ্বস্ত হয়েছে বলেই ধারণা করা হয়। অস্ট্রেলিয়ার নেতৃত্বে ওই মহাসাগরের বিরাট এলাকাজুড়ে নিবিড়ভাবে তল্লাশি চললেও আজ পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি উড়োজাহাজটির ধ্বংসাবশেষের।
মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার নেতারা বলেছেন, নিখোঁজ রহস্যের কিনারা করতে তাঁরা এখনো প্রতিশ্রুতিবদ্ধ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গতকাল রোববার বলেন, উড়োজাহাজটির হদিস পেতে তল্লাশিকাজ এখন পর্যন্ত নিষ্ফল হয়েছে, এটা ঠিক। তবে মালয়েশিয়া এ কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। উড়োজাহাজটি খুঁজে পাওয়া যাবে বলে তাঁরা আশাবাদী। আর অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেন, বর্তমান অভিযানে সফলতা না পাওয়া গেলে তল্লাশিকাজ অন্য এলাকায় সরিয়ে নেওয়া হবে।
অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল থেকে ভারত মহাসাগরের অন্তত এক হাজার মাইলজুড়ে তল্লাশিকাজ চলছে। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য-উপাত্তে ওই এলাকাতেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
তদন্তের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা বিভিন্ন বিষয়ের ওপরে আলোকপাত করেছেন। এর মধ্যে রয়েছে ফ্লাইটটির ক্যাপ্টেন ও সহকারী পাইলটের ব্যক্তিগত, মনস্তাত্ত্বিক ও আর্থিক ব্যাপারগুলোর পাশাপাশি ১০ ক্রু সদস্যের অতীত কর্মকাণ্ডও। উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পেছনে এর পাইলট ও সহকারী পাইলটের হাত থাকতে পারে বলে অতীতে সন্দেহ করা হলেও প্রতিবেদনটিতে এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।