
সিরিয়া নিয়ে শান্তি আলোচনার জন্য রাজধানী আসতানাকে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভ। নতুন বছরের শুরুতেই আসতানায় সিরিয়া নিয়ে রাশিয়া, তুরস্ক, সিরিয়া এবং সিরিয়ার বিদ্রোহী নেতারা শান্তি আলোচনায় বসবেন।
গতকাল শুক্রবার কাজাখ প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শান্তি আলোচনার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়াজুড়ে অস্ত্রবিরতির ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন, যুদ্ধরত বিভিন্ন পক্ষ আসতানায় এক শান্তি আলোচনায় অংশ নিতে প্রস্তুত।
এর দুই সপ্তাহ আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাজাখস্তানের প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভ শান্তি আলোচনা অনুষ্ঠানের স্থান নিয়ে পুতিনের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। তখনই আসতানার ব্যাপারে সিদ্ধান্ত হয়। ওই সময় কাজাখ প্রেসিডেন্ট নূরসুলতান বলেছিলেন, ‘সিরিয়ার সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য নেওয়া আন্তর্জাতিক উদ্যোগকে সমর্থন করতেই’ তাঁর দেশ এ শান্তি আলোচনা অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছে।