প্রাণভয়ে সিরিয়ার দিকে হাজারো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে ইরাকের মসুল শহর পুনরুদ্ধারে গত সোমবার থেকে ইরাকি বাহিনীর নেতৃত্বে শুরু হয়েছে সর্বাত্মক অভিযান। তবে এ অভিযানের ফলে এরই মধ্যে ওই শহরের নয় শতাধিক বাসিন্দা সিরিয়ায় পাড়ি জমিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

মসুলে ১৫ লাখ মানুষের বাস। যাদের মধ্যে প্রায় পাঁচ হাজার আইএস জঙ্গিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরাকের সরকার মসুলবাসীকে অভিযান চলাকালে নিজ শহরেই থাকার পরামর্শ দিয়েছিল। কিন্তু ব্যাপক অভিযানের মুখে নিরাপদে সরে যেতে আইএস জঙ্গিরা এই বাসিন্দাদের মানবপ্রাচীর হিসেবে ব্যবহার করতে পারে। এমনকি তারা মসুলে রাসায়নিক অস্ত্রের ব্যবহার করতে পারে বলেও শঙ্কা রয়েছে। সেই সঙ্গে বিশেষজ্ঞদের আশঙ্কা, বেসামরিক লোকদের বেশে জঙ্গিরা সিরিয়ায় পাড়ি জমিয়ে পুনর্গঠিত হতে পারে।

ইউএনএইচসিআর হাইকমিশনারের কার্যালয়ের এক মুখপাত্র বলেন, নয় শতাধিক মসুলবাসী সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করেছে। তারা সেখানে একটি শরণার্থী শিবিরে অবস্থান করছে। তিনি বলেন, শরণার্থী সংস্থা এই শিবির থেকে পরবর্তী সময়ে মসুলের বাসিন্দাদের ইরাকেরই নিরাপদ কোনো জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করবে।

বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে, মসুলের কয়েকজন বাসিন্দা টেলিফোনে নিশ্চিত করেছেন, আইএস জঙ্গিরা শহর ত্যাগে তাদের বাধা দিচ্ছে। সেই সঙ্গে বিমান হামলা হতে পারে, এমন সব ভবনে নিয়ে কয়েকজনকে আটকে রাখছে।

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মসুলের বাসিন্দাদের শহর থেকে নিরাপদে বেরিয়ে আসা নিশ্চিত করা জরুরি। ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি বলেন, বেসামরিক লোকদের মসুল থেকে বেরিয়ে আসতে সফলভাবে সহায়তা না করা গেলে আইএস বিতাড়ন কঠিন হয়ে যাবে।

জাতিসংঘও মসুলের পূর্ব, উত্তর ও দক্ষিণে নতুন শরণার্থী শিবির খোলার ব্যাপারে কাজ করছে। ধারণা করা হচ্ছে, অভিযানের প্রথম কয়েক দিনে এসব শিবিরে দুই লাখ মানুষের আশ্রয় নিতে হতে পারে। তবে এরই মধ্যে যারা শহর থেকে বেরিয়ে আসতে পেরেছে, তারা পশ্চিমে সিরিয়ার সীমান্তের দিকে যাত্রা করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক সংবাদ ম্যাগাজিন নিউজউইক এক সংবাদ বিশ্লেষণে বলেছে, সিরিয়া যুদ্ধে মসুল পুনরুদ্ধার অভিযানের প্রভাব ব্যাপক আকারে পড়তে পারে। বেসামরিক লোকদের বেশে মসুল থেকে আইএস জঙ্গিরা সিরিয়ায় গিয়ে পুনর্গঠিত হতে পারে বলে আশঙ্কার সৃষ্টি হয়েছে।

বাশার বাহিনী এবং তাদের মিত্র লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী হুঁশিয়ার করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র আসলে আইএসকে সিরিয়া প্রবেশের সুযোগ করে দিচ্ছে। এক বিবৃতিতে মঙ্গলবার দামেস্কে সিরিয়ার সেনা দপ্তর থেকে বলা হয়েছে, ‘নতুন যুদ্ধক্ষেত্রের বাস্তবতা’ সৃষ্টির লক্ষ্যে ওয়াশিংটন এবং রিয়াদ আইএসের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করতে পরিকল্পনা প্রণয়ন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সীমান্ত অতিক্রমের যেকোনো চেষ্টা সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আক্রমণ বলে বিবেচিত হবে...এবং সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা হবে।’ তবে পেন্টাগন মুখপাত্র মেজর আদ্রিয়ান রাঙ্কিন-গালোওয়ে এ অভিযোগকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা, যিনি সিরিয়ার নন, বলেছেন, ‘বিপদ হলো, ইরাকের জয়ে সিরিয়াকে মূল্য দিতে হতে পারে।’

সিরিয়ায় যদিও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে দুই যৌথ বাহিনীর হাতে মার খেয়ে আইএস এখন মৃতপ্রায়।