প্রার্থীর একই নামে বিভ্রান্তি, দুজনই বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তাঁরা ভোটে দাঁড়িয়েছেন। কিন্তু দুই প্রার্থীর নাম একই। ভোটাররা বিভ্রান্ত। শেষে দুজনেই জিতে গেলেন। এটা জাপানের স্থানীয় নির্বাচনের ঘটনা। দেশটির দক্ষিণাঞ্চলীয় কারাস্তু নগর পরিষদের ওই দুই জনপ্রতিনিধির নামই শিগেরু আওকি।
জাপানি ভাষায় একটা নাম একই বানানে বিভিন্নভাবে লেখার সুযোগ আছে। কিন্তু ওই দুই প্রার্থী একই কায়দায় নাম লেখেন, আর সেটা চীনা হরফ বা কানজি নামে পরিচিত। তাঁদের দলীয় পরিচয়ে আলাদা করা যায় না।
একজন শিগেরু আওকি বয়সে বড় এবং আগে থেকেই নির্বাচিত পদে ছিলেন। আরেকজন তাঁর চেয়ে ছোট এবং এবারই প্রথম প্রার্থী হন। বিভ্রান্তি এড়াতে নির্বাচনী কর্মকর্তারা ভোটারদের বলেন, তাঁরা যেন পছন্দের প্রার্থীর নামের পাশাপাশি বয়সটাও ব্যালট কাগজে লিখে দেন। অথবা ‘বর্তমান সদস্য’ কিংবা ‘নবাগত’ লিখলেও চলবে।
নগর পরিষদের ৩০টি আসনে ৩২ জন প্রার্থী লড়াই করেন। নবাগত আওকি স্বীকার করেন, নামের বিভ্রান্তির কারণে তিনি অন্যদের চেয়ে কিছুটা বেশি পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। দুই আওকিই নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের আদর্শও একই ধরনের। দুজনেই চান, তাঁদের প্রিয় বন্দরনগর আরও বেশি স্বনির্ভর হোক। শত শত বছর ধরে এই নগর কোরিয়া ও চীনের সঙ্গে বাণিজ্যের প্রবেশপথ হিসেবে কাজ করেছে।
জাপানি সংবাদমাধ্যম বলছে, সমনামী প্রার্থীদের নিয়ে নির্বাচনে বিভ্রান্তি আগেও হয়েছে। ২০০৩ সালে নারুতো শহরের আইন পরিষদের নির্বাচনেও এমন ঘটেছিল।