প্রিন্স সৌদ আল ফয়সালের মৃত্যু

সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল মারা গেছেন। তিনি বিশ্বে সবচেয়ে বেশি সময় পররাষ্ট্রমন্ত্রী পদে থাকা ব্যক্তি। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের কঠিন সময়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন প্রিন্স ফয়সাল। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। খবর রয়টার্স ও বিবিসির।
সৌদ আল-ফয়সাল ৪০ বছর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। গত এপ্রিল মাসে তিনি অবসর নেন।
ফয়সালের মৃত্যুর কারণ সম্পর্কে রাষ্ট্রীয়ভাবে কিছু জানানো হয়নি। তবে গত কয়েক বছরে তাঁর শরীরে কয়েকটি অস্ত্রোপচার হয়।
আরব লিগের প্রধান নাবিল আল-আরাবি বলেছেন, প্রিন্স ফয়সালের মৃত্যুতে বিশ্ব এক ‘মহান’ কূটনীতিককে হারাল। বিশ্লেষকেরা বলছেন, প্রিন্স ফয়সাল সর্বত্র শ্রদ্ধার পাত্র ছিলেন।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার শোক জানিয়ে বলেন, ‘প্রিন্স সৌদ আল-ফয়সাল মহানুভব, প্রজ্ঞাবান ও সংবেদনশীল মানুষ ছিলেন। শান্তির জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন।’
সাবেক সৌদি বাদশাহ ফয়সালের ছেলে প্রিন্স সৌদ আল-ফয়সাল ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। তিনি সৌদি রাজপরিবারের প্রথম প্রজন্মের একজন, যিনি প্রথাগত এবং পশ্চিমা শিক্ষা দুটোই গ্রহণ করেছিলেন। তিনি গত শতকের ষাটের দশকে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। ১৯৭০ সালে তিনি রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পেট্রোমিনের ডেপুটি গভর্নর নিযুক্ত হন। পরের বছর হন পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী। ১৯৭৫ সালে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন তিনি।