প্রেসিডেন্ট দুতার্তের বিরুদ্ধে আইসিসির তদন্ত চান সিনেটর লিমা
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরুর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী সিনেটর লেইলা দ্য লিমা।
গত জুন মাসে ক্ষমতায় আসার পর দুতার্তের কথিত মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় এ পর্যন্ত তিন হাজার ৮০০ ব্যক্তি নিহত হয়েছেন।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সিনেটর লিমা ফিলিপাইনের সাবেক বিচারমন্ত্রী এবং মানবাধিকার কর্মী। তিনি দুতার্তের এই মাদকবিরোধী যুদ্ধে শত শত লোক নিহত হওয়াকে ‘রাষ্ট্র অনুপ্রাণিত’ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এ হত্যাকাণ্ড বন্ধে বিদেশি হস্তক্ষেপই একমাত্র ভরসা। এসব হত্যা দেশের মানুষদের একটি অংশকে শঙ্কায় ফেলেছে। লিমা বলেন, ‘দেশে যেসব হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ হয়েছে তা নিয়ে তদন্তের কথা বিবেচনা করতে পারে আইসিসি। শুধু দুতার্তে নয়, তাঁর সহযোগীদের বিরুদ্ধেও এ তদন্ত হওয়া উচিত।’
মাদক ব্যবসায়ীদের হত্যাকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত একটি তদন্ত কমিটির পদ থেকে গত মাসে লিমাকে বহিষ্কার করা হয়। শুধু তাই নয়, তাঁর ঠিকানা এবং মুঠোফোন নম্বর প্রকাশ করে দেওয়া হয়। এ ঘটনায় তিনি রীতিমতো ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি বলেছেন, কয়েক সপ্তাহ ধরে আমি বাড়ি যেতে পারি না। আমি রাতে ভিন্ন জায়গায় ঘুমাই। নিজের ঘরে আমি যেন চোরের মতো বেঁচে আছি। তিনি বলেন, ‘আমার মুঠোফোনের নম্বর প্রকাশ করে দেওয়ায় আমি অন্তত দুই হাজার কল পেয়েছি। আমাকে হত্যার হুমকি দিয়ে খুদে বার্তাও পেয়েছি।’
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন দুতার্তে।