প্রেসিডেন্টকে অবমাননার দায়ে মিয়ানমারে সাংবাদিকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনকে অবমাননার অভিযোগে দুই সাংবাদিকের জরিমানা হয়েছে। দেশটির একটি আদালত গত মঙ্গলবার এ রায় দেন। খবর বিবিসির।
দণ্ডিত সাংবাদিকেরা সাপ্তাহিক মিয়ানমার হেরাল্ড পত্রিকার সাংবাদিক। একই পত্রিকার আরও নয় কর্মী ওই মামলা থেকে খালাস পেয়েছেন। পত্রিকাটি মিয়ানমারের প্রেসিডেন্টকে নিয়ে সমালোচনামূলক একটি সাক্ষাৎকার প্রকাশ করেছিল। এতে দেশটির গণমাধ্যম আইন লঙ্ঘন এবং প্রেসিডেন্টের অবমাননা হয়েছে—অভিযোগ করে তথ্য মন্ত্রণালয় গত নভেম্বরে মামলা করে।
আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় মিয়ানমার হেরাল্ড-এর সাবেক প্রধান সম্পাদক কিয়াও সোয়া উইন ও উপপ্রধান সম্পাদক আর্নট খাউং মিনের ৮০০ মার্কিন ডলারের সমপরিমাণ অঙ্কের জরিমানা হয়। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, দেশটিতে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগে সংবাদমাধ্যমকে ভয় দেখানোর প্রচেষ্টা হিসেবেই দুই সাংবাদিককে শাস্তি দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সাক্ষাৎকারটি ছিল একজন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রধান বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্যের।