প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষে ভোট দিলেন আইনপ্রণেতারা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন আইনপ্রণেতারা। দুর্নীতির কেলেঙ্কারির ঘটনায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো। পার্লামেন্ট অভিসংশনের পক্ষে ভোট পড়ায় প্রধানমন্ত্রী হওয়াং কিও-আন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে ভোটাভুটিতে গিউন-হেকে অপসারণের পক্ষে ২৩৪ ও বিপক্ষে ৫৬ ভোট পড়েছে। বিভিন্ন কারণে তীব্র সমালোচনার মুখে পড়া গিউন-হের নিজের রাজনৈতিক দলের আইনপ্রণেতারাও তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন।
প্রেসিডেন্ট পার্ক গিউন-হে দেশের ‘রাজনৈতিক বিশৃঙ্খলার’ জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, সরকারকে এখন দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় সজাগ থাকতে হবে। অভিশংসন প্রস্তাব পার্লামেন্টে অনুমোদনের পর গিউন-হে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সব মানুষের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। কারণ, আমিই জাতীয় এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছি। আমার অসতর্কতার কারণে দেশটির অর্থনীতি থেকে শুরু করে জাতীয় প্রতিরক্ষা পর্যন্ত সবকিছু এত কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে।’