প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে ভোট দিল দক্ষিণ কোরীয় পার্লামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্ক গিউন-হে, তাঁর শেষ মন্ত্রিসভা বৈঠকে l রয়টার্স
পার্ক গিউন-হে, তাঁর শেষ মন্ত্রিসভা বৈঠকে l রয়টার্স

দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা গতকাল শুক্রবার চাপের মুখে পড়া প্রেসিডেন্ট পার্ক গিউন-হের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। দুর্নীতির কেলেঙ্কারির ঘটনায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো। পার্লামেন্টে ভোটাভুটিতে গিউন-হেকে অপসারণের পক্ষে ২৩৪ ও বিপক্ষে ৫৬ ভোট পড়েছে।
বিভিন্ন কারণে তীব্র সমালোচনার মুখে পড়া গিউন-হের নিজের রাজনৈতিক দলের আইনপ্রণেতারাও তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। পার্লামেন্ট অভিসংশনের পক্ষে ভোট পড়ায় প্রধানমন্ত্রী হওয়াং কিও-আন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রেসিডেন্ট পার্ক গিউন-হে দেশের ‘রাজনৈতিক বিশৃঙ্খলার’ জন্য গতকাল দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, সরকারকে এখন দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় সজাগ থাকতে হবে।
অভিশংসন প্রস্তাব পার্লামেন্টে অনুমোদনের পর গিউন-হে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সব মানুষের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। কারণ, আমিই জাতীয় এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছি।’
পার্ক গিউন-হে সম্প্রতি একটি রাজনৈতিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এতে হাজারো ক্ষুব্ধ মানুষ তাঁর পদত্যাগের দাবিতে রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী চোই সুন-সিল ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পার্ক গিউন-হে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট। তিনি দেশটির সাবেক সামরিক কর্মকর্তা ও প্রেসিডেন্টের মেয়ে।