প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারির গাড়িবহরে বুধবার হামলা চালিয়েছে মদেশি সম্প্রদায়ের বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট ও তাঁর নিরাপত্তা দলের গাড়ি লক্ষ্য করে তাঁরা পাথর ও পেট্রলবোমা ছুড়েছে। তবে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি বা তাঁর সঙ্গে থাকা লোকজন কেউ আহত হননি। রাজধানী কাঠমান্ডু থেকে ২২৫ কিলোমিটার দূরের জনকপুরে এক মন্দিরের সামনে এই ঘটনা ঘটে। ঐতিহ্যবাহী বিবাহপঞ্চমী উৎসবে যোগ দিতে প্রেসিডেন্ট সেখানে গিয়েছিলেন। তিনি হেলিকপ্টারে চড়ে জনকপুরে পৌঁছানোর পরই স্লোগানরত মদেশি বিক্ষোভকারীরা কালো পতাকা প্রদর্শন করে। পূজার পর প্রেসিডেন্ট মন্দির ত্যাগ করার সময় চারদিক থেকে পাথর ও একটি পেট্রলবোমা ছোড়া হয়। নেপালের সংখ্যালঘু মদেশি সম্প্রদায়ের আশঙ্কা, নতুন সংবিধান তাঁদের অধিকার খর্ব করবে।
দ্য হিন্দু