ফারখুন্দার ঘটনায় আফগানিস্তানে ১১ পুলিশের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপিটুনিতে নিহত এক নারীকে বাঁচাতে না পারার ব্যর্থতায় ১১ জন পুলিশ সদস্যকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আফগানিস্তানের একটি আদালত। গত ১৯ মার্চ রাজধানী কাবুলে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে ফারখুন্দা নামের ওই নারীকে দিনদুপুরে পিটিয়ে মারা হয়। খবর এএফপির।
বিচারক সাইফুল্লাহ মোজাদ্দেদি গতকাল মঙ্গলবার এ মামলার রায়ে বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে আপনাদের (পুলিশ সদস্যদের) এক বছর করে কারাদণ্ড দেওয়া হলো। তবে এ রায় চূড়ান্ত নয়। অভিযুক্তরা এর বিরুদ্ধে আপিল করতে পারবেন।’
ফারখুন্দা পবিত্র কোরআন শরিফ পুড়িয়েছিলেন—এ অভিযোগে তাঁকে পেটানো হয়। কিন্তু তদন্তে পাওয়া গেছে, অভিযোগটি মিথ্যা।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও আছেন। ওই ঘটনায় ১৯ পুলিশ কর্মকর্তাসহ ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের মধ্যে অনেককেই নিষ্ক্রিয় থেকে ওই ঘটনায় বাধা না দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
৬ মে একই আদালত ওই ঘটনায় জড়িত থাকায় চারজনকে মৃত্যুদণ্ড দেন। আটজনকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দ্রুত রায় হওয়ায় এই বিচারকাজ প্রশংসা কুড়িয়েছে। তবে কয়েকজন অভিযুক্ত আইনজীবী নিযুক্ত না করতে পারায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ রায়ের বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।