ফারখুন্দার হত্যাকারীদের শাস্তি কমালো আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারখুন্দাকে পিটিয়ে হত্যা ও তাঁর লাশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠে দেশটির সাধারণ মানুষ। শত শত নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ করে। দাফনের সাধারণ রেওয়াজ ভেঙে ফারখুন্দার লাশের কফিন বহন ও দাফনের কাজ করেন ক্ষুব্ধ নারীরা। ছবি: এএফপি
ফারখুন্দাকে পিটিয়ে হত্যা ও তাঁর লাশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠে দেশটির সাধারণ মানুষ। শত শত নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ করে। দাফনের সাধারণ রেওয়াজ ভেঙে ফারখুন্দার লাশের কফিন বহন ও দাফনের কাজ করেন ক্ষুব্ধ নারীরা। ছবি: এএফপি

কোরআন শরিফ পোড়ানোর মিথ্যা অভিযোগে আফগানিস্তানে ২৮ বছর বয়সী নারী ফারখুন্দাকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ডের সাজা মওকুফ করেছেন দেশটির আপিল আদালত। এর পরিবর্তে তিনজনকে ২০ বছর এবং অপর একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ মামলার সঙ্গে সম্পৃক্ত একজন বিচারক রয়টার্সকে এ তথ্য জানান। আফগানিস্তানের টলো টিভি অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে শাস্তি কমানোর এই খবর প্রচার করে।
নাম না প্রকাশের শর্তে ওই বিচারক জানান, ‘আসামিপক্ষের কৌঁসুলি সন্তুষ্ট না থাকায় পূর্বে রায় পরিবর্তন হয়েছে। তবে তিনি এ বলেন, এ রায়ের বিরুদ্ধে আবার আপিল করা যাবে। সেখানে তা পরিবর্তন হতে পারে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গত ১৯ মার্চ ফারখুন্দাকে পিটিয়ে হত্যা করে উন্মত্ত জনতা। এরপর তাঁর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। মোবাইল ফোনে ধারণ করা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। তবে সরকারি এক তদন্তের পর বলা হয়, ফারখুন্দার বিরুদ্ধে পবিত্র কোরআন পোড়ানোর যে অভিযোগ আনা হয়েছে তা ঠিক নয়। ফারখুন্দা সম্পূর্ণ নির্দোষ।
ফারখুন্দাকে পিটিয়ে হত্যা ও তাঁর লাশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠে দেশটির সাধারণ মানুষ। শত শত নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ করে। দাফনের সাধারণ রেওয়াজ ভেঙে ফারখুন্দার লাশের কফিন বহন ও দাফনের কাজ করেন ক্ষুব্ধ নারীরা। মুসলমানদের লাশ দাফনের সাধারণ রেওয়াজ অনুযায়ী লাশের খাটিয়া বা কফিন বহন করেন পুরুষেরা। কবর দেওয়ার কাজও সম্পন্ন করেন পুরুষেরা। তবে প্রথমবারের মতো সেই রীতি ভেঙে কাবুলের কয়েকজন নারী ফারখুন্দার কবর দেওয়ার পুরো কাজটি করেন।

এরপর ৬ মে ফারখুন্দাকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে আদালত আটজনকে ১৬ বছর করে কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান অন্য ১৮ জন। ওই ঘটনা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় ১৯ জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে।