ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি ফালুজায় আটকে পড়া যেসব মানুষ প্রাণভয়ে পালানোর চেষ্টা করছে, আইএস যোদ্ধারা তাদের গুলি করে মারছে। অন্যদিকে সেখানে অভিযান চালানোর পর আইএস যোদ্ধা সন্দেহে আটক লোকজনের ওপর অমানুষিক নির্যাতন চালাচ্ছে শিয়া মিলিশিয়ারা। দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) নামের একটি শীর্ষ ত্রাণ সংগঠন এ কথা বলেছে।
ইরাকি সেনাবাহিনী গত রোববার ঘোষণা করে, তারা ফালুজাকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে। শুধু পশ্চিমে ইউফ্রেটিস নদীর পাড়টি তাদের নিয়ন্ত্রণে নেই।
ধারণা করা হচ্ছে, ফালুজায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়া আইএস যোদ্ধারা এখন মানবঢাল হিসেবে বেসামরিক লোকদের ব্যবহারের চেষ্টা করছে।
ত্রাণ সংগঠন এনআরসি বলেছে, পালানোর জন্য ইউফ্রেটিস নদী পার হওয়ার চেষ্টা করলেই সাধারণ মানুষজনকে গুলি করে মারছে আইএস যোদ্ধারা। ফালুজার কাছে একটি শরণার্থীশিবির চালায় এনআরসি। শহরটিতে ৫০ হাজারের বেশি বেসামরিক মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
ফালুজার আঞ্চলিক কাউন্সিলের প্রধান শাকির আল এসাবি রয়টার্সকে জানিয়েছেন, প্রাণ বাঁচাতে লোকজন নৌকার অভাবে ফ্রিজ, আলমারি ও পিপার মতো জিনিসে চড়ে ইউফ্রেটিস নদী পার হওয়ার চেষ্টা করছে। এনআরসির কান্ট্রি ডিরেক্টর নসর মুফলাহি বলেছেন, যেসব নিরপরাধ পুরুষ, নারী ও শিশু শুধু জীবনটা নিয়ে পালাতে চাইছে, তাদেরও গুলি করে মারা হচ্ছে।
এদিকে শিয়া মিলিশিয়ারা ফালুজার উপকণ্ঠের সাকলাবিয়া এলাকা দখল করার পর সেখানকার ছয় শতাধিক লোককে আটক করেছে। তাদের প্রায় সবাই সুন্নি। এরা আইএস সদস্য কিংবা সমর্থক কি না, তা নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করার সময় ব্যাপক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে চারজন ইতিমধ্যেই একটি হাসপাতালে মারা গেছে। ইরাক সরকার এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।