
ইরাকের সরকারি বাহিনী ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত ফালুজা শহরের দিকে এগিয়ে যাওয়া অব্যাহত রেখেছে। অন্যদিকে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় আইএসের হামলার কারণে সেখানকার হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
ইরাকের যে দুটি প্রধান শহর এখনো আইএসের দখলে আছে বাগদাদের ৪৫ কিলোমিটার পশ্চিমের শহর ফালুজা তার একটি। এই শহরের সুরক্ষায় কারমা নামের যে এলাকায় আইএস প্রাথমিক প্রতিরক্ষাবলয় গড়ে তুলেছিল, সেই এলাকাটি সেনাবাহিনী দখল করে নিয়েছে বলে জানিয়েছেন সেখানে অবস্থানরত বিবিসির সাংবাদিক জিম মিউর।
জিম মিউর জানিয়েছেন, ফালুজার কাছে বহুসংখ্যক এলিট ফোর্সের সদস্য মোতায়েন করা হয়েছে। তারা শহরটিতে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
তবে এর মধ্যেই ফালুজার উত্তরে আইএসের গাড়িবোমা হামলায় ইরাকি বাহিনীর বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। শহরের দক্ষিণে আইএসের চালানো একটি হামলা হেলিকপ্টার গানশিপ দিয়ে রুখে দিয়েছে ইরাকি বাহিনী।
বুধবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় আইএসের ফালুজা কমান্ডার মাহের আল বিলাবিসহ প্রায় ৭০ জন আইএস যোদ্ধা নিহত হন বলে জানায় ওয়াশিংটন। গোষ্ঠীটির বিরুদ্ধে ইরাকি বাহিনীকে সমর্থন জোগাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী।
ফালুজার অদূরে কারমা পুনর্দখল করে এলাকাটির ওপর নিয়ন্ত্রণ দৃঢ় করেছে ইরাকি বাহিনী। দুই পক্ষের লড়াইয়ে কারমা ক্ষতিগ্রস্ত হয়ে কার্যত ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। এখানকার বাসিন্দারা পালিয়ে গেছে। গোলার আঘাতে ভবনগুলো ক্ষতবিক্ষত হয়ে দাঁড়িয়ে আছে।
২০১৪ সালে আইএসের দখলে যাওয়ার আগে তিন লাখ বাসিন্দার শহর ফালুজা আল-কায়েদা জঙ্গিদের দখলে ছিল। সুন্নি-অধ্যুষিত এই শহরটি ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের দখলদার বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল।
এদিকে পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস প্রচণ্ড হামলা চালাচ্ছে। মার্কিন মদদপুষ্ট কুর্দি নেতৃত্বাধীন জোটনিয়ন্ত্রিত মারিয়া ও আজাজ এলাকায় সরকারবিরোধীদের ওপর আইএস এই হামলা চালাচ্ছে। এ লড়াইয়ের কারণে সেখানকার অন্তত ছয় হাজার মানুষ পালিয়ে গেছে।
অবজারভেটরি বলেছে, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া আইএসের হামলায় এ পর্যন্ত ২৯ জন নিহত হওয়ার বিষয়ে তারা নিশ্চিত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক এই সংগঠন মাঠপর্যায়ে প্রতিনিধিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে থাকে।