ফালুজা পুনর্দখলে 'চূড়ান্ত অভিযান'

ইরাকের সরকারি বাহিনী বলছে, তারা ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত দেশটির ফালুজা শহর পুনর্দখলে চূড়ান্ত অভিযান শুরু করেছে।
শহরটি পুনর্দখলের উদ্দেশ্যে এক সপ্তাহ আগে অভিযান শুরু করে ইরাকি বাহিনী। ২০১৪ সালে শহরটি আইএসের দখলে যায়। এর আগে আল-কায়েদার দখলে ছিল।
আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ফালুজা শহরে প্রায় ৫০ হাজার বেসামরিক মানুষ আটকা পড়েছে। তবে কয়েক শ পরিবার পালাতে সক্ষম হয়েছে।
জাতিসংঘ বলছে, শহরে লোকজন ক্ষুধার কারণে মৃত্যুর মুখে রয়েছে বলে খবর রয়েছে। এ ছাড়া আইএসের পক্ষে লড়তে অস্বীকৃতি জানানোয় তাদের হত্যাও করা হচ্ছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন রণাঙ্গন থেকে ফালুজা শহরের দিকে এগিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী।
ইরাকের সামরিক বাহিনী বলছে, তারা তাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
ফালুজার নিয়ন্ত্রণ ধরে রাখতে আইএস যোদ্ধারাও প্রতিরোধ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। তারা আত্মঘাতী ও গাড়িবোমা হামলা চালাচ্ছে।
শহরে সরকারি বাহিনীর চূড়ান্ত অভিযান আসন্ন বলে খবর পাওয়া যাচ্ছে। চূড়ান্ত অভিযানের আগে শহর থেকে বেসামরিক লোকজনকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হতে পারে।
ইরাকের যে দুটি প্রধান শহর এখনো আইএসের দখলে আছে, ফালুজা এর একটি। অন্য শহরটি হচ্ছে মসুল।