ফালুজা শহর পুরোপুরি আইএসের দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের ফালুজা শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সরকারি বাহিনী। সরকারি বাহিনীর মুখপাত্র সাবাহ আল-নোমান গতকাল রোববার বলেন, শহরের জোলান এলাকায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সর্বশেষ ঘাঁটিটি গতকাল তারা আবার দখল করে নিয়েছে। এর মধ্য দিয়ে মাসব্যাপী অভিযান শেষে শহরটি তাদের পূর্ণ দখলে এল।
আল-নোমান এএফপিকে বলেন, জোলান দখল করতে সন্ত্রাসবিরোধী বাহিনীর দুই ঘণ্টার বেশি সময় লেগেছে। তবে আইএস কোনো গুলি ছোড়েনি। এতে বোঝা যায়, সরকারি বাহিনী সেখানে পৌঁছানোর আগেই তারা পিছু হঠতে থাকে।
সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আব্দুল ওয়াহাব আল-সাইদি গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘মধ্যাঞ্চলীয় জোলান এলাকা থেকে সন্ত্রাসীদের পুরোপুরি হঠিয়ে দেওয়া হয়েছে। ইরাকি জনগণের জন্য সুসংবাদ—ফালুজার লড়াই সমাপ্ত হয়েছে।’
সেনা কর্মকর্তা আব্দুল ওয়াহাব বলেন, এ লড়াইয়ে আইএসের অন্তত ১ হাজার ৮০০ যোদ্ধা নিহত হয়েছে। স্থানীয় কয়েকটি ভবনে এখনো কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে।
গুরুত্বপূর্ণ ফালুজা শহরটির অবস্থান ইরাকের রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার পশ্চিমে। আইএস সিরিয়া ও ইরাকের বেশ কিছু অংশ দখল করে ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর ২০১৪ সালের জানুয়ারিতে ফালুজা দখলে নিয়েছিল।
ইরাকি নিরাপত্তা বাহিনী গত মাসের ২২-২৩ তারিখে শহরটি পুনর্দখলের লক্ষ্যে বড় ধরনের অভিযান শুরু করে। প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি অন্তত এক সপ্তাহ আগেই আইএসের বিরুদ্ধে ফালুজায় বিজয় অর্জনের ঘোষণা দিলেও সেখানে আইএস তীব্র প্রতিরোধ গড়ে তোলে। লড়াই চলতে থাকে। মার্কিন নেতৃত্বাধীন জোট সেনারা লড়াইতে ইরাকি বাহিনীকে সহযোগিতা করছে।
ফালুজা পুনর্দখলে সরকারি বাহিনীর অভিযানের কারণে যুদ্ধ থেকে বাঁচতে আশপাশের অন্তত ৮৫ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে বিভিন্ন আশ্রয়শিবিরে চলে যায়। শহরটিতে আটকে পড়া নিরীহ মানুষ আইএসের হাতে ব্যাপক দুর্ভোগের শিকার হয়। পরে অনেককে সরকারি বাহিনী ও তাদের মিত্র যোদ্ধাদেরও নির্যাতন পোহাতে হয়।