রাজা হলেন থাই যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজা হলেন যুবরাজ মহা ভাজিরালংকর্ন (৬৪)। দেশটির পার্লামেন্টের আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেন। এরপর তিনি বলেছেন, ‘প্রয়াত রাজার চাওয়া পূরণ এবং সমগ্র থাই জাতির মঙ্গলার্থে আমি পার্লামেন্টের আমন্ত্রণ গ্রহণ করেছি।’

ব্যাংককে রাজপ্রাসাদে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচাসহ বেশ কিছু অতিথি। ভাজিরালংকর্নের বাবা রাজা ভুমিবল আদুলিয়াদেজ গত ১৩ অক্টোবর মারা যান। তাঁর মৃত্যুর পরপরই সিংহাসনে আরোহণের কথা ছিল যুবরাজের। কিন্তু শোক পালনের জন্য তিনি কিছুদিন সময় চান। এতে যুবরাজের সিংহাসনে অধিষ্ঠান নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। তবে দুদিন আগে দেশটির পার্লামেন্ট জানায়, তারা দেশের নতুন রাজা হতে ভাজিরালংকর্নকে আমন্ত্রণ জানাবে।