ফিরে দেখা: ইন্দোনেশিয়ায় জঙ্গিবাদ

ইন্দোনেশিয়ায় জঙ্গিবাদী সংগঠনগুলোর উৎপাত নতুন নয়। কিন্তু সরকারের ধরপাকড়ের মুখে দেশটির সবচেয়ে ভয়ংকর নেটওয়ার্কগুলো অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। বিশেষ করে ২০০২ সালের আলোচিত বালি হামলায় জড়িত জেমাআ ইসলামিয়ার মতো সংগঠনের বেশির ভাগ নেতা নিহত বা কারাবন্দী হওয়ায় অন্তত গত ছয় বছর অবস্থা মোটামুটি শান্ত ছিল।
তবে সাম্প্রতিক মাসগুলোতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত অনেককে গ্রেপ্তার করে দেশটির কর্তৃপক্ষ। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র-ফেরত ইন্দোনেশীয়রা স্বদেশে হামলা চালাতে পারে, এমন আশঙ্কা চলছিল। গতকাল সেই আশঙ্কাই সত্যি হলো—বোমা আর বন্দুকের গর্জনে কাঁপল রাজধানী জাকার্তা। এ হামলার দায় স্বীকার করেছে আইএস।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে মুসলিম জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশ ইন্দোনেশিয়ায় অতীতে সংঘটিত উল্লেখযোগ্য সন্ত্রাসী হামলাগুলোর পাশাপাশি জঙ্গিবাদ-সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার ওপর আলোকপাত করেছে:
২০০২ সালের অক্টোবরে পর্যটনসমৃদ্ধ বালি দ্বীপে সংঘটিত হয় ভয়াবহ সন্ত্রাসী হামলা। ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী এ হামলায় নিহত হয় ২০২ জন, যাদের বেশির ভাগই বিদেশি পর্যটক। এ ঘটনায় হামলায় সহায়তার দায়ে ২০০৮ সালের নভেম্বরে ইমাম সমুদ্র, আমরোজি বিন নুরহাসিম ও আলী গুফ্রন নামের তিনজনের ফাঁসি কার্যকর করে কর্তৃপক্ষ। এ ছাড়া ২০০৯ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে পুলিশের অভিযানে নিহত হয় এ হামলার সন্দেহভাজন আরও চারজন। এর মধ্যে জাভায় নিহত হয় বালি হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী মালয়েশীয় নাগরিক নুরদিন মোহাম্মদ । আর তাঁর তিন সহযোগী নিহত হয় প্রেসিডেন্ট সুসিলো বামবাংকে হত্যার কথিত ষড়যন্ত্র উদ্ঘাটনের সময়।
বালি দ্বীপেই আরেক সন্ত্রাসী হামলা সংঘটিত হয় ২০০৫ সালের অক্টোবর মাসে। এ সময় বালির একটি পর্যটনকেন্দ্রে তিন আত্মঘাতী বোমা হামলাকারী দেহে বেঁধে রাখা বিস্ফোরক দিয়ে নিজেদের উড়িয়ে দিলে নিহত হয় ২০ জন।
বালি দ্বীপের ঘটনা দুটির আগে ইন্দোনেশিয়ায় উল্লেখযোগ্য সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ২০০০ সালে। সে বছরের ডিসেম্বর মাসে বড়দিনের উপহারের ছদ্মাবরণে দেশটির বিভিন্ন গির্জা ও যাজকদের কাছে পাঠানো হয় হাতে তৈরি বোমা। সেগুলো বিস্ফোরিত হয়ে ১৯ জন নিহত হয়; আহত হয় অনেকেই।
এ তিনটি ঘটনার বাইরেও ২০০৪ সাল থেকে গতকালের আগ পর্যন্ত ইন্দোনেশিয়া অন্তত তিনটি উল্লেখযোগ্য সন্ত্রাসী হামলার কবলে পড়েছে। এর মধ্যে ২০০৪ সালের সেপ্টেম্বরে জাকার্তায় অস্ট্রেলীয় দূতাবাসের বাইরে আত্মঘাতী এক গাড়িবোমায় নিহত হয় ১০ জন। এরপর ২০০৫ সালের মে মাসে দেশটির সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশের টেনটেনা শহরের বিপণিবিতানে জোড়া বোমা হামলায় নিহত হয় ২২ জন। আর ২০০৯ সালের জুলাইয়ে জাকার্তায় দুটি বিলাসবহুল হোটেলে আত্মঘাতী হামলায় ছয় বিদেশিসহ সাতজন নিহত হয়।
এসব ঘটনার বাইরে ২০১১ সাল থেকে গতকালের আগ পর্যন্ত জঙ্গিবাদ-সংশ্লিষ্ট অন্তত চারটি ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ঠাঁই করে নেয়। তার মধ্যে জঙ্গি অর্থায়নের ২০১১ সালের জুলাই মাসে আবু বকর বশির নামের একজন শীর্ষ জঙ্গি নেতার ১৫ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া জঙ্গি প্রশিক্ষণের শিবিরে লোকজন সংগ্রহের দায়ে ২০১৩ সালের জুনে কথিত আল-কায়েদা ইন্দোনেশিয়ার নেতা বাদরি হারাতোনোর ১০ বছরের জেল হয়।
এদিকে আইএসে যোগ দিতে সিরিয়ায় যাওয়ার প্রচেষ্টার অভিযোগে ২০১৪ সালের ডিসেম্বরে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। আর গত নভেম্বর মাসে সন্ত্রাসী হামলার হুমকির পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করে ইন্দোনেশিয়া।