ফিলিপাইনে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৫০
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সুলু প্রদেশের জোলো শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর বিবিসির।
বিধ্বস্ত সি-১৩০ হারকিউলিস মডেলের পরিবহন উড়োজাহাজটিতে ৯৬ জন আরোহী ছিলেন। তাঁদের বেশির ভাগই সেনাসদস্য। দক্ষিণাঞ্চলে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আবু সায়াফের সঙ্গে লড়াই করার জন্য উড়োজাহাজটিতে অতিরিক্ত সেনাসদস্য পাঠানো হচ্ছিল।
ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তিদের প্রায় সবাই সেনাসদস্য। এ ছাড়া উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় তিনজন সাধারণ মানুষ নিহত হয়েছে। প্রাথমিকভাবে উড়োজাহাজটির পাঁচ আরোহীকে নিখোঁজ ঘোষণা করা হলেও এখন সবাইকে নিহত হিসেবে ধরা হচ্ছে।
দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র সংবাদমাধ্যম এবিএস–সিবিএনকে বলেন, তাঁরা উড়োজাহাজটির ‘ডাটা খোঁজ করছেন। সেনাবাহিনীর মেজর জেনারেল এডগার্ড অ্যারেভালো জানান, উড়োজাহাজটিতে হামলা চালানো হয়েছিল—এমন কোনো প্রমাণ এখনো হাতে আসেনি।
সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা বলেন, রোববার জোলো শহরের কাছে সামরিক বাহিনীর ওই উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ার পরপরই আগুন ধরে যায়। কাগায়ান দে ওরো এলাকা থেকে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও যাচ্ছিল বিমানটি।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত উড়োজাহাজটির ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে উড়োজাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়। গাছগাছালি পরিবেষ্টিত একটি স্থানে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। দুর্ঘটনাস্থলের কাছে কিছু ভবনও দেখা যায়। গত ৩০ বছরের মধ্যে ফিলিপাইনে এটি সবচেয়ে ভয়াবহ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা।