ফিলিপাইনে কারখানায় আগুন, ধোঁয়ায় ও পুড়ে নিহত ৭২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি স্যান্ডেল তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। নিহত ব্যক্তিরা সবাই ওই কারখানার শ্রমিক। খবর বিবিসির।
ম্যানিলার নিম্ন আয়ের মানুষের এলাকা হিসেবে পরিচিত ভ্যালেনজুয়েলার কারখানাটিতে আগুন লাগে গত বুধবার রাতে। পুলিশ জানিয়েছে, কারখানাটির প্রবেশপথে এক শ্রমিক ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। শ্রমিকদের মধ্যে বেঁচে যাওয়া লিজান্দ্রো মেনডোজা বলেন, ‘আগুন ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দিগ্বিদিক ছুটে বেড়াচ্ছিলাম। বুঝতে পারছিলাম না কোথায় যেতে হবে।’
এই ঘটনার পর গতকাল বৃহস্পতিবার পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের ধরতে অভিযান শুরু করেছে। শ্রমিকেরা অভিযোগ করেছেন, কারখানাটির জরুরি স্বাস্থ্যব্যবস্থা এবং নিরাপত্তাব্যবস্থা বেশ দুর্বল।
ফিলিপাইনের শিল্প কারখানাগুলোতে নিরাপত্তাব্যবস্থা মোটেও উন্নত নয়। তা ছাড়া বস্তি এলাকাগুলোতে মাঝেমধ্যে আগুন লাগার ঘটনা ঘটে।
দোতলা ওই কারখানায় ২০০ থেকে ৩০০ শ্রমিক কাজ করতেন বলে জানিয়েছেন এর স্বত্বাধিকারী ভেয়াতো আঙ। এঁদের অনেকেই ভেতরে আটকা পড়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। আগে পুলিশ জানিয়েছিল, ৩১টি লাশ উদ্ধার করা গেছে। এঁদের বেশির ভাগই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।
দেশটির পুলিশপ্রধান লিওনার্দো এসপিনা বলেছেন, দোষী ব্যক্তিদের অবশ্যই ধরা হবে। কারণ অনেক মানুষ মারা গেছে।
আগুন লাগার পর বেশির ভাগ শ্রমিক আটকা পড়েন কারখানার দ্বিতীয় তলায়। মাত্র কয়েকজন শ্রমিক সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। যাঁরা বেরিয়ে আসতে পেরেছেন তাঁরা বলছেন, জানালায় লোহার শিক থাকার কারণে বেরিয়ে আসতে খুব অসুবিধা হয়।
বেশির ভাগ শ্রমিক রাবার এবং রাসায়নিক পদার্থ পুড়ে তৈরি কালো ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে মনে করা হচ্ছে। বেঁচে যাওয়া শ্রমিক এবং কয়েকজন শ্রমিকের পরিবারের সদস্যরা বলছেন, কারখানাটিতে বেশ কয়েক ড্রাম তরল রাসায়নিক ছিল।
পুলিশ বলছে, পুড়ে যাওয়া মৃত ব্যক্তিদের শনাক্ত করতে বেশ কিছুটা সময় লাগবে।