ফিলিপাইনে গির্জার বাইরে বিস্ফোরণে ১৬ জন আহত
ফিলিপাইনে বড়দিনের আগ মুহূর্তে একটি গির্জার বাইরে গ্রেনেড বিস্ফোরণে ১৬ জন আহত হয়েছে। গতকাল শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপে এ ঘটনা ঘটে বলে যাজক ও পুলিশ রয়টার্সকে জানায়।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে মিন্দানাও প্রদেশে মুসলিম বিদ্রোহী ও জঙ্গিরা বেশ তৎপর। এর আগেও এখানে বেশ কয়েকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বড়দিন ও খ্রিষ্টীয় নতুন বছরকে ঘিরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া জানিয়েছে, তারা বোমা হামলার পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে। অন্যদিকে, মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তার করেছে।
মিডসেয়াপ শহর পুলিশপ্রধান বেরনার্দো তেয়ং জানিয়েছেন, ঘটনায় যারা আহত হয়েছে, তাদের বেশির ভাগই ঘটনার সময় উত্তর কোটাবাটোর মিডসেয়াপ টাউনের সেন্ট নিনো প্যারিশ গির্জার বাইরে দাঁড়িয়ে ছিল।
ফাদার জে ভিরাদোর জানিয়েছেন, বিস্ফোরণে প্রার্থনা সভায় যোগ দেওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা পালিয়ে যায়।
গির্জার প্রবেশপথ থেকে প্রায় ৩০ মিটার দূরে পুলিশের একটি টহল গাড়ির কাছে এ বিস্ফোরণ ঘটে। এতে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সদস্যও আহত হন।
তেয়ং বলেন, বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে আছেন। এই এলাকায় অবিস্ফোরিত আরও একটি গ্রেনেড বা ইমপ্রোভাইসড বোমা পাওয়া গেছে এবং বোমা বিশেষজ্ঞরা তা নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন তিনি।
গত সেপ্টেম্বরে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের নিজ শহর দাভাওতে ব্যস্ত এক বাজারে বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত ও ৭০ জন আহত হয়েছিল। ওই হামলার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগসূত্র রয়েছে—এমন একটি গোষ্ঠীর নয়জনকে গ্রেপ্তার করা হয়।