ফিলিপাইনে ঘূর্ণিঝড় রাইর তাণ্ডবে ২৩ জনের মৃত্যু
ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় রাইর আঘাতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে বিভিন্ন এলাকা। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে তিন লাখের বেশি মানুষ। আজ শনিবার ফিলিপাইন কর্তৃপক্ষের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।
গত বৃহস্পতিবার পর্যটন দ্বীপ সিয়ারগাওতে তাণ্ডব চালায় রাই। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। এতে অনেক জায়গায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফিলিপাইনের সেনাবাহিনী দুর্গত এলাকায় উড়োজাহাজ থেকে তোলা কিছু ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায় জেনারেল লুনা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন ভবনের ছাদ উড়ে গেছে, মাটিতে ধ্বংসাবশেষ পড়ে আছে।
ফিলিপাইনের ফেডারেশন অব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান আলবের্তো বোকানেগ্রা বলেন, ‘গত এক দশকের মধ্যে ডিসেম্বরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি এটি। আমরা যেসব তথ্য ও ছবি পাচ্ছি সেগুলো খুবই উদ্বেগের।’
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার মুখপাত্র মার্ক তিম্বাল এএফপিকে জানান, সেনাবাহিনী, পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ১৮ হাজারের বেশি সদস্য উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।
ফিলিপাইন কোস্ট গার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছে। এতে দেখা যায়, মিন্দানাওর সুরিগাও শহরের কাছে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। ধানের জমিগুলো পানিতে তলিয়ে গেছে।
বর্তমানে রাইর বাতাসের গতি কমে ঘণ্টায় ১৫০ কিলোমিটার হয়েছে। ঝোড়ো আবহাওয়ার কারণে টানা বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ফিলিপাইনের আবহাওয়া দপ্তর আভাস দিয়েছে, আজ ঝড়টি দক্ষিণ চীন সাগর হয়ে ভিয়েতনামের দিকে এগিয়ে যাবে।