ফিলিপাইনে ঘূর্ণিঝড়, হাজারো মানুষ বাস্তুচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘কপু’। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুতের লাইন উপড়ে পড়েছে। হাজারো মানুষ তাঁদের ঘরবাড়ি ছেড়েছে। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সময় আজ সকালে লুজন দ্বীপের কাছে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। শক্তিশালী ঘূর্ণিঝড়টি ধীর গতিতে অগ্রসর হচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে তিন দিন ধরে মুষলধারে বৃষ্টি হতে পারে। বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
দেশটির সরকারের দুর্যোগ-বিষয়ক সংস্থার প্রধান আলেকজান্দ্রার পামা বলেছেন, উত্তর-পূর্ব লুজনে ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।