ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিনের উৎসবের সময় আঘাত হানা ঘূর্ণিঝড় নক-টেনে ফিলিপাইনে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১৮ জন। গতকাল মঙ্গলবার দেশটির সরকার এ খবর জানিয়েছে। এখন ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।
নক-টেন প্রথম আঘাত হানে ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় প্রদেশে। এ সময় ওই অঞ্চলের রাস্তাঘাট ও বিভিন্ন খামার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। এ ছাড়া অনেক ঘরবাড়ি ও জাহাজ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। তবে রাজধানী ম্যানিলায় ঘূর্ণিঝড়ের আঘাত ততটা তীব্র হয়নি।
ঝড়ে ফিলিপাইনের উপকূলবর্তী প্রদেশ বাতাঙ্গাসে একটি জাহাজ ডুবে যায়। দেশটির কোস্টগার্ড বলেছে, এতে নিহত হয়েছেন একজন। ১৮ জন নাবিক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া বন্যার কারণে ও ঝোড়ো হাওয়ায় উড়ে আসা বিভিন্ন বস্তুর আঘাতে বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩৫ কিলোমিটার। নক-টেনের কারণে পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন জায়গা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। দুর্যোগ পর্যবেক্ষণ সংস্থার কর্মকর্তা মিনা মারাসিগান বলেছেন, কবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তিনি বলেন, ‘আমরা দেখেছি, অনেক বাড়ি ঝোড়ো হাওয়ায় ধ্বংস হয়ে গেছে। স্কুল ও হাসপাতালগুলোরও একই অবস্থা। কতগুলো বাড়িঘর ধ্বংস হয়েছে, তার সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে। এরপরই ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যাবে।’
দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট কর্মীরা কাজ করে চলেছেন। বিশেষ করে রাস্তাঘাটে ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি, গাছ ইত্যাদি সরানো হচ্ছে। আগামী ৩৬ ঘণ্টায় বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
উপদ্রুত এলাকার ৪ লাখ ২৯ হাজারের বেশি মানুষকে তাঁদের বাড়িঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ৩৩০টির বেশি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১২ হাজার লোক বিভিন্ন বন্দরে আটকে রয়েছে।
গতকাল ঘূর্ণিঝড়টির গতিপথ পরিবর্তিত হয়। লুজন দ্বীপের দিকে না গিয়ে এটি পশ্চিমে দক্ষিণ চীন সাগরের দিকে চলে যায়।
ফিলিপাইনে প্রতিবছর প্রায় ২০টি ঘূর্ণিঝড় ও ঝড় আঘাত হানে। এতে নিয়মিতই শত শত মানুষের মৃত্যু হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে দুর্যোগের সংখ্যা বাড়ছে, যার জন্য অনেকে জলবায়ু পরিবর্তনকে দায়ী করে থাকেন। ২০১৩ সালের নভেম্বরে দেশটির তাকলোবান শহর ও এর আশপাশের এলাকায় শক্তিশালী ঝড়ে ৭ হাজার ৩৫০ জন নিহত ও নিখোঁজ হয়েছিল।