ফিলিপাইনে ফেরি ডুবে অন্তত ৩৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য ফিলিপাইনে গতকাল বৃহস্পতিবার একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২১ জন। দুর্ঘটনার শিকার হওয়ার সময় ফেরিটিতে প্রায় ২০০ জন আরোহী ছিলেন। খবর এএফপির।
কিম নিরবান নামের ফেরিটি ওরমোক শহর থেকে যাত্রী নিয়ে ক্যামোতেস দ্বীপে যাচ্ছিল। ওরমোক বন্দর থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাওয়ার পর উঁচু ঢেউয়ের তোড়ে ফেরিটি উল্টে যায়। প্রায় ১০০ জন আরোহীকে উদ্ধার করা হয়। এর মধ্যে ৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই দুর্ঘটনায় কতজন নিখোঁজ রয়েছেন, তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে ম্যানিলা রেডিওর এক খবরে বলা হয়েছে, অন্তত ২১ জন নিখোঁজ থাকতে পারেন।
ওরমোক শহরের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনাবিষয়ক কার্যালয়ের কর্মকর্তা সিরিয়াকো তালিবাও বলেন, ফেরিটিতে ১৭৩ জন যাত্রী ও ১৬ জন ক্রু সদস্য ছিলেন। বন্দর থেকে ছেড়ে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর বড় বড় ঢেউয়ের ধাক্কায় এটি উল্টে যায়। তল্লাশি অভিযান চলছে।