ফিলিপাইনে বন্যায় পাঁচজনের মৃত্যু
ফিলিপাইনে প্রবল বৃষ্টির ফলে বন্যায় পাঁচজন প্রাণ হারিয়েছে। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছে প্রায় এক লাখ মানুষ। উদ্ধারকর্মীরা গতকাল রোববার এ কথা জানিয়েছেন।
বেসামরিক নিরাপত্তা বিভাগ জানায়, রাজধানী ম্যানিলা ও আশপাশের কয়েকটি প্রদেশে আগামী কয়েক দিন আরও বেশি মৌসুমি বৃষ্টিপাত হতে পারে। বিভিন্ন বিদ্যালয় ও সরকারি ভবনে এ পর্যন্ত অন্তত ২৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদের মুখপাত্র রোমিনা মারাসিগান বলেন, নিম্নভূমি অঞ্চলে বন্যায় ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। যারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গেছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন।
মারিকিনা নদীর পানি গত শনিবার বাড়তে শুরু করলে ম্যানিলার প্রায় নয় হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, শহরটির বস্তি এলাকায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। সেখানে কয়েকটি দেয়াল ধসে হতাহত হয়েছে লোকজন। সব মিলিয়ে অন্তত ৭০ হাজার মানুষের বাড়িঘর বন্যার কবলে পড়েছে। তবু অধিকাংশ মানুষ বাড়িতেই অবস্থান করছে।
ফিলিপাইনের পশ্চিমাঞ্চলে এক সপ্তাহ ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে কয়েকটি অভ্যন্তরীণ উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়।