ফিলিপাইনে বিধ্বস্ত সামরিক উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত সামরিক উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
সিরিলিতো সোবেজানা জানান, গতকাল সোমবার ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয়। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ও ক্রুদের মধ্যে কথোপকথন শোনার জন্য সেটি তদন্তকারীদের কাছে পাঠানো হবে। দুর্ঘটনায় উড়োজাহাজের প্রধান পাইলটও নিহত হয়েছেন।
সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেন, ‘আমি দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি আকাশে কয়েকবার ডিগবাজি খায়। পাইলট নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উড়োজাহাজের ডান পাশের ডানাটির একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।’
বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজের অনেক যাত্রী লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন বলে দাবি করেছেন অনেক প্রত্যক্ষদর্শী। তবে এমন কিছুই ঘটেনি বলে জানিয়েছেন সিরিলিতো সোবেজানা। তিনি বলেন, ভেঙে পড়ার পর উড়োজাহাজটির সামনের অংশ দ্বিখণ্ডিত হয়ে যায়। তখন কিছু সেনাসদস্য সেখান থেকে বের হয়ে আসেন। তবে অনেক আরোহীই অচেতন ছিলেন। তাঁরা বের হতে পারেননি। এর পরপরই উড়োজাহাজটি বিস্ফোরিত হয়।
গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে সুলু প্রদেশের জোলো শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। বিধ্বস্ত সি-১৩০ হারকিউলিস মডেলের ওই পরিবহন উড়োজাহাজটিতে ৯৬ জন আরোহী ছিলেন। তাঁদের বেশির ভাগই সেনাসদস্য। দক্ষিণাঞ্চলে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আবু সায়াফের সঙ্গে লড়াই করার জন্য উড়োজাহাজটিতে অতিরিক্ত সেনাসদস্য পাঠানো হচ্ছিল।
ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তিদের প্রায় সবাই সেনাসদস্য। এ ছাড়া উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় তিনজন সাধারণ মানুষ নিহত হয়েছেন।
এর আগে সিরিলিতো সোবেজানা বলেছিলেন, রোববার জোলো শহরের কাছে সামরিক বাহিনীর ওই উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ার পরপরই আগুন ধরে যায়। কাগায়ান দে ওরো এলাকা থেকে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও যাচ্ছিল বিমানটি।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত উড়োজাহাজটির ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে উড়োজাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়। গাছগাছালি পরিবেষ্টিত একটি স্থানে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। দুর্ঘটনাস্থলের কাছে কিছু ভবনও দেখা যায়। ৩০ বছরের মধ্যে ফিলিপাইনে এটি সবচেয়ে ভয়াবহ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা।