ফিলিপাইনে মার্কিনবিরোধী মিছিলে পুলিশের গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে মার্কিনবিরোধী বিক্ষোভকারীদের ওপর গাড়ি তুলে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাজধানী ম্যানিলায় মার্কিন দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

বিক্ষোভকারীরা ফিলিপাইনে মার্কিন সেনাদের উপস্থিতির অবসান দাবি করে। এ সময় বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেললে তাদের ঠেকাতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়। তখন বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে জবাব দেয়। এ ঘটনায় কমপক্ষে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনার ভিডিও চিত্রে দেখা গেছে, বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি চারপাশ থেকে ঘিরে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। পরে গাড়িটি মানুষের ভিড়ের মধ্যেই দ্রুতগতিতে চলতে শুরু করে।

মার্কিন দূতাবাস এই সহিংসতার ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি। দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, তাঁরা কিছুসংখ্যক বিক্ষোভকারীর আহত হওয়ার খবর পেয়েছেন। তবে এটি পুলিশের তদন্তাধীন বিষয় বলে মন্তব্য করতে চান না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সম্পর্ক ভালো যাচ্ছে না। মাদকের বিরুদ্ধে দুতার্তের চালানো কঠোর অভিযান নিয়ে দুটি দেশের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র এই বিতর্কিত অভিযান নিয়ে প্রশ্ন তুললে দুতার্তে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি অপমানমূলক মন্তব্য করেছিলেন।