ফিলিপাইনে হামলায় জঙ্গি দল আবু সায়াফ 'দায়ী'

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের বাজারে গতকাল শুক্রবারের হামলার জন্য জঙ্গি দল আবু সায়াফকে দায়ী করেছেন সেখানকার মেয়র। হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে।
এএফপির খবরে জানানো হয়, হামলার সময় দাভাও শহরে ছিলেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তি। এটি তাঁর নিজের শহর। তবে প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন। তিনি দাভাও শহরের মার্কো পোলো হোটেল এলাকায় বেশি সফর করেন। ওই হোটেলের বাইরেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দুতের্তির মেয়ে সারাহ দুতের্তি নগর সরকারের পক্ষ থেকে জানান, প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে যে আবু সায়াফ জঙ্গিরাই এ হামলার জন্য দায়ী।
প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, তদন্তকারীরা ঘটনাস্থলে গোলা ও কামানের অংশ খুঁজে পেয়েছে। ম্যানিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ওই হামলায় কমপক্ষে ৬৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার পরে বিস্ফোরণস্থলে কাচ ও প্লাস্টিকের চেয়ারের ভাঙা অংশ পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ, বোমা বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তারা হামলাস্থল ঘিরে রেখেছেন।
আঞ্চলিক পুলিশপ্রধান ম্যানুয়েল গুয়েরলান বলেন, শহর থেকে বের হওয়ার পথগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
গত সোমবার ফিলিপাইনের সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে ১২ সেনা নিহত হন। গতা মে মাসে প্রেসিডেন্ট দুতের্তি নির্বাচিত হওয়ার পর এটিই ভয়াবহ ঘটনা। দেশে আরও সেনা মোতায়েন করা হবে বলে দুতের্তি জানান।
দাভাও ফিলিপাইনের অন্যতম বড় একটি শহর। সেখানে ২০ লাখ লোকের বাস। ম্যানিলা থেকে দাভাওয়ের দূরত্ব ১ হাজার ৫০০ কিলোমিটার। আবু সায়াফ জঙ্গি দলটি ছোট, কিন্তু বিপজ্জনক। তাদের সঙ্গে জঙ্গি দল আইএসের যোগসাজশ রয়েছে। বিদেশিদের অপহরণ করা ও মুক্তিপণ আদায়ের জন্য কুখ্যাতি রয়েছে আবু সায়াফের। এ বছর দুজন কানাডীয় জিম্মির শিরশ্ছেদ করে আবু সায়াফ।