পবিত্র জেরুজালেম নিয়ে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত বাতিলে মিসরের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো খসড়া প্রস্তাবে ভেটো দিতে পারে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন কর্তৃপক্ষ জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বারস্থ হতে পারে। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত রিয়াদ মানসুর এ মন্তব্য করেছেন। সৌদি আরবের দৈনিক পত্রিকা আরব নিউজ-এ গতকাল সোমবার প্রকাশিত এক খবরে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন।
প্রসঙ্গত, মিসরের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, পবিত্র শহর জেরুজালেমের স্থিতাবস্থা এবং জনসংখ্যা বিন্যাস পাল্টে দেয়, এমন কোনো সিদ্ধান্তের আইনি প্রভাব থাকবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের বিপরীত কোনো সিদ্ধান্তের কার্যকারিতা থাকবে না এবং সব কটি রাষ্ট্র নিরাপত্তা পরিষদের প্রস্তাবের প্রতি সম্মান প্রদর্শন করবে। এই খসড়াটি নিরাপত্তা পরিষদের সব কটি সদস্যদেশের কাছে গত শনিবার পৌঁছে দেওয়া হয়। নিরাপত্তা পরিষদে তা উত্থাপন করা হলে তা ব্যাপক সমর্থন পাবে বলে ধারণা করা হচ্ছে, তবে যুক্তরাষ্ট্র এতে ভেটো দিতে পারে। এর আগে ৬ ডিসেম্বর ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এতে ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে।
রিয়াদ মানসুরকে উদ্ধৃত করে আরব নিউজ-এর খবরে বলা হয়, খসড়া প্রস্তাবটির পক্ষে ব্যাপক সমর্থন আদায়ে নিরাপত্তা পরিষদের সদস্যগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে মিসর ও ফিলিস্তিন। এতে বলা হয়েছে যে রিয়াদ মানসুর বলেছেন, প্রস্তাবটিতে যদি ভেটো পড়ে, তবে জাতিসংঘের জরুরি অধিবেশন ডাকতে সংস্থাটির মহাসচিবকে চিঠি পাঠাবে ফিলিস্তিন।
যুক্তরাজ্য ও ফ্রান্সের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে, মিসরের প্রস্তাব নিরাপত্তা পরিষদে তোলা হলে তারা এর পক্ষে ভোট দেবে। জাতিসংঘে ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথিউ রেক্রফট সাংবাদিকদের বলেছেন, এই খসড়া নিরাপত্তা পরিষদের আগের খসড়ার পথেই রয়েছে।
এদিকে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেম নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির আবারও প্রশংসা করেন।
ইসরায়েলি হামলা অব্যাহত
ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় হামাসের প্রশিক্ষণশিবিরে গতকাল ইসরায়েলের সেনাবাহিনী বিমান হামলা করেছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ফিলিস্তিন ভূখণ্ড থেকে ছোড়া রকেট হামলার জবাবে এই হামলা করা হয়েছে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস রকেট হামলা বাড়িয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, রোববার রাতে দুটি এবং সোমবার সকালে একটি রকেট হামলা চালানো হয়। জবাবে হামাসের প্রশিক্ষণশিবির লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। হামলায় হতাহতের দাবি করেনি কোনো পক্ষই।