ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে সুইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সুইডেন। মধ্যপ্রাচ্য সংঘাতের দুই রাষ্ট্রকেন্দ্রিক সমাধানকে সমর্থনের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সুইডেন এই ঘোষণা দেয়। খবর দ্যা গার্ডিয়ান, এএফপি ও রয়টার্সের।

গতকাল শুক্রবার সুইডিশ পার্লামেন্টে স্বাগত বক্তব্যে মধ্য-বামপন্থী প্রধানমন্ত্রী স্টিফেন লোয়েফভেন এই ঘোষণা দেন। তিনি বলেন, দুই দেশভিত্তিক সমাধানের জন্য পারস্পরিক স্বীকৃতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা প্রয়োজন।

সুইডেনের এই ঘোষণা এমন একসময়ে এল যখন ফিলিস্তিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি কূটনৈতিক প্রস্তাব পাঠিয়েছে। ওই প্রস্তাবে ২০১৬ সালের নভেম্বরের মধ্যে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি দখলদারত্বের অবসানের কথা রয়েছে।

এ বছরের শুরুর দিকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার শান্তিপ্রক্রিয়া ভেঙে পড়ে। এরপর সুইডিশ প্রধানমন্ত্রীর এই ঘোষণা ফিলিস্তিনিদের সাম্প্রতিক একতরফা স্বীকৃতির প্রচারণাকে আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে সুইডেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এমন ঘোষণা দিলেও তা ছিল ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার আগের ঘটনা। অবশ্য ২০১২ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতীকী স্বীকৃতি দেয়। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের বেশির ভাগ দেশই আনুষ্ঠানিকভাবে এখনো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।