ফিলিস্তিনি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৭
পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কমপক্ষে সাতজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। গতকাল রোববার পুলিশ কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর বিবিসির।
সন্দেহভাজন উগ্রপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা গত ৩১ জুলাই নাবলুসের কাছের দুমা গ্রামে ওই হামলা চালায়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ১৮ মাসের একটি শিশু ঘটনার পরপর ও তার বাবা শনিবার হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া মা ও ভাই গুরুতর আহত হয়েছে।
পুলিশ জানায়, ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে দুটি অবৈধ ইহুদি বসতিতে অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অগ্নিসংযোগের ওই ঘটনায় ফিলিস্তিনিরা ইহুদি বসতি স্থাপনকারীদের দিকে অভিযোগের আঙুল তুললেও ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে তারা ঘটনার তদন্ত শুরু করেছে।
দুমা গ্রামে ওই হামলার ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদি চরমপন্থীদের এ ধরনের তৎপরতা কিছুতেই বরদাশত না করার ঘোষণা দেন। এর আওতায় সাম্প্রতিক দিনগুলোতে গ্রেপ্তার হওয়া দুজনকে ‘প্রশাসনিক আটকাদেশ’-এর আওতায় নেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ইসরায়েলে কাউকে আটক রাখার জন্য বিতর্কিত ওই প্রশাসনিক আদেশ বেশির ভাগ ক্ষেত্রেই ফিলিস্তিনিদের বিরুদ্ধেই দেওয়া হয়ে থাকে। এর আওতায় কোনো প্রকার অভিযোগ ছাড়াই যে কাউকে ছয় মাস আটক রাখা যায়। এই আটকাদেশ পরে ছয় মাস করে অনির্দিষ্টকাল পর্যন্ত বাড়ানো যায়।