ফিলিস্তিনি বৃদ্ধাকে হত্যা করল ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি বাহিনী গত শুক্রবার এক বৃদ্ধাসহ দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার বিকেলে অধিকৃত পশ্চিম তীরের হেবরনে একটি পুলিশ স্টেশনে থাওয়ারাত আশরাই নামের ৭২ বছর বয়সী এক নারীকে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করে। নিহত আরেকজন হলেন গাজা উপত্যকায় বিক্ষোভে অংশগ্রহণকারী ব্যক্তি। খবর রয়টার্সের।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বলছে, পশ্চিম তীরে পৃথক ঘটনায় ফিলিস্তিনিদের হাতে তিন ইসরায়েলি আহত হয়েছেন।
ইসরায়েলি সেনা মুখপাত্র জানান, ফিলিস্তিনি বৃদ্ধা তাঁদের সেনাদের ওপর গাড়ি চালিয়ে হামলার চেষ্টা করলে গুলি ছোড়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
ওই মুখপাত্র জানান, গাজায় ইসরায়েলের সঙ্গে সীমান্ত বেষ্টনীর কাছে বিক্ষোভে অংশ নিতে জড়ো হন ফিলিস্তিনিরা। এ সময় বেষ্টনী ভাঙার চেষ্টা করলে ‘উসকানিদাতাদের’ লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালালে মৃত্যু হয় আরেক ফিলিস্তিনির। এ ছাড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে পশ্চিম তীরের বেথলেহেমে অনুষ্ঠিত বিক্ষোভে আরেক ফিলিস্তিনি আহত হন।
ইসরায়েল-ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলমান সহিংসতায় এ নিয়ে ৭১ ফিলিস্তিনি ও ১১ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।