ফিলিস্তিনি মন্ত্রীর মৃত্যু নিয়ে দুই পক্ষের মধ্যে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনি মন্ত্রী জিয়াদ আবু আইনের মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মন্ত্রী বিক্ষোভে অংশ নেওয়ার সময় ইসরায়েলি সেনার নির্যাতন এবং কাঁদানে গ্যাসের কারণে মারা গেছেন বলে ফিলিস্তিন কর্তৃপক্ষ অভিযোগ করেছে। তবে ইসরায়েল দাবি করছে, হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ফিলিস্তিনি মন্ত্রীর মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসি, আল-জাজিরা ও এএফপির।
ফিলিস্তিনের বেসামরিক বিষয়গুলোর প্রধান কর্মকর্তা হোসেন আল শেখ স্থানীয় একটি বেতারকে বলেন, ইসরায়েলি পুলিশের মারধর এবং প্রচুর পরিমাণে কাঁদানে গ্যাস শ্বাসের সঙ্গে যাওয়ায় আবু আইনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে তার প্রমাণ মিলেছে। আর তাঁকে হাসপাতালে নিয়ে যেতেও ইসরায়েলিরা দেরি করেছে।
৫৫ বছর বয়সী আবু আইনের দাফন গতকাল বৃহস্পতিবার রামাল্লায় সম্পন্ন হয়েছে। পূর্ণ সামরিক কায়দায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শোকাহত হাজার হাজার ফিলিস্তিনির উপস্থিতিতে কফিন জাতীয় পতাকায় ঢেকে কবরস্থানে নেওয়া হয়। এ সময় জাতীয়তাবাদী সংগীত বাজছিল। সমবেত ফিলিস্তিনিরা তাঁর হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে। পশ্চিম তীরের বিভিন্ন এলাকা দপ্তরবিহীন মন্ত্রী আবু আইনের পোস্টারে ছেয়ে যায়। শোক প্রকাশ করতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়।
জাতিসংঘের মহাসচিব এ ঘটনা তদন্তের পাশাপাশি সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখাতে বলেছেন। ইউরোপীয় ইউনিয়ন ঘটনার নিন্দা করে তদন্তের আহ্বান জানিয়েছে।
মন্ত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনি এলাকায় সম্ভাব্য অস্থিরতা মোকাবিলার জন্য পশ্চিম তীরে বাড়তি সেনা পাঠিয়েছে ইসরায়েল। এ ঘটনা নিয়ে ইতিমধ্যেই ইহুদি বসতি নির্মাণসহ বিভিন্ন কারণে উত্তপ্ত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আরেক দফা সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে গত বুধবার পশ্চিম তীরে বিক্ষোভ করার সময় ইসরায়েলি সীমান্ত পুলিশের এক সদস্য আবু আইনের গলা চেপে ধরেন এবং তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। কিছুক্ষণ পরই তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর মন্ত্রীকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে পাঠানো এক বার্তায় বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। সেনাবাহিনীও তদন্তের আশ্বাস দিয়েছে।