ফিলিস্তিনি হত্যার দায়ে ইসরায়েলি সেনার দেড় বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলো আজারিয়া
এলো আজারিয়া

আহত এক ফিলিস্তিনি আক্রমণকারীকে গুলি করে হত্যার দায়ে এক সেনার ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন ইসরায়েলের একটি আদালত। আদালতে দোষী প্রমাণিত হওয়ার এক মাস পর গতকাল মঙ্গলবার এলো আজারিয়া নামের ২১ বছরের ওই সেনার এই সাজা ঘোষণা করা হয়।
গত বছরের মার্চ মাসে ইসরায়েলের দখল করা পশ্চিম তীরের হেবরন শহরে আবদুল ফাতাহ আল-শরিফ নামের এক ফিলিস্তিনিকে কোনো উসকানি ছাড়াই মাথায় গুলি করে হত্যা করেছিলেন এলো আজারিয়া। গুলি করার সময় ওই ফিলিস্তিনি আহত হয়ে মাটিতে শুয়ে ছিলেন। একটি মানবাধিকার সংস্থার কল্যাণে এ ঘটনার ভিডিও সে সময় ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল।
এ ঘটনায় আইনজীবীরা ওই সেনার ৩ থেকে ৫ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন। কিন্তু তিনজন বিচারকের প্যানেল এ সাজাকে ‘অত্যধিক’ মনে করে ১৮ মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণাকারী বিচারক মায়া হেলার বলেন, বিচারের ক্ষেত্রে গুলি চালানোর সময় আজারিয়া ‘শত্রু এলাকায়’ ছিলেন এবং নিহতের পরিবারের ক্ষয়ক্ষতির বিষয়টি আমলে নেওয়া হয়েছে। বিচারক আরও বলেন, এ ঘটনার জন্য ওই সেনা কোনো অনুশোচনা প্রকাশ করেননি।
এ অপরাধে ইসরায়েলের আইনে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান আছে। ঘটনার পর থেকে আজারিয়া এরই মধ্যে কারাগারে ১০ মাস কাটিয়ে ফেলেছেন। তবে এ সময়কে ঘোষিত কারাদণ্ড থেকে বাদ দেওয়া হবে কি না, তা রায়ে স্পষ্ট করা হয়নি।
গতকাল আদালত ভবনের বাইরে আজারিয়ার বিরুদ্ধে হওয়া রায়ের প্রতিবাদ জানিয়েছে প্রায় ১০০ বিক্ষোভকারী। নিহত আবদুল ফাতাহর পরিবার এ বিচারকে ‘প্রহসন’ বলে অভিহিত করেছে। ফাতাহর বাবা ইয়ুসরি আল-শরিফ বলেছেন, তাঁর ছেলেকে হত্যার দায়ে আজারিয়ার যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল।