ফিলিস্তিনিদের অস্ত্র দেবে তেহরান
ফিলিস্তিনিদের অস্ত্র দেওয়ার কাজে গতি বাড়াবে তেহরান। ইরানের আকাশসীমায় ইসরায়েলি চালকবিহীন বিমান (ড্রোন) মোতায়েন করার পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হবে। ইরানের একজন সামরিক কমান্ডার গতকাল সোমবার এ কথা বলেছেন।
এদিকে গাজার বিভিন্ন এলাকায় গতকালও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আরও চার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৯ আগস্ট অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর ৩৫০টির বেশি ইসরায়েলি বিমান হামলায় ১০৬ ফিলিস্তিনির প্রাণহানি ঘটল। একই সময়ে গাজা থেকে অন্তত ৬৫০টি রকেট ইসরায়েলে ছোড়া হয়েছে, যার মধ্যে একটির আঘাতে এক ইসরায়েলি কিশোরের মৃত্যু হয়েছে।
ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তাদের বিমানবাহিনীর কমান্ডার জেনারেল আমির আলী হাজিজেদাহ বলেন, ‘আমরা পশ্চিম তীরকে (ফিলিস্তিনের) অস্ত্রসজ্জিত করার কাজে গতি বাড়াব এবং যেকোনো ধরনের জবাব দেওয়ার অধিকার আমাদের রয়েছে।’
ফিলিস্তিনের গাজায় গত ৮ জুলাই বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর গাজা শাসনকারী ইসলামপন্থী গ্রুপ হামাস ও ইসলামিক জিহাদ ইসরায়েলের ভেতরে যেসব রকেট নিক্ষেপ করেছে, তার প্রযুক্তি ইরান সরবরাহ করেছে বলে নিশ্চিত করেছে তেহরান।
ফিলিস্তিনি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার গতি আরও বাড়ানো হবে বলে ইরানের এ হুমকির এক দিন আগে দেশটির রেভল্যুশনারি গার্ড জানায়, তারা ইরানের আকাশসীমায় ঢুকে পড়া একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। স্টিলথ প্রযুক্তির ‘হার্মেস’ ড্রোনটি ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে ভূপাতিত করা হয়। ড্রোনটির খণ্ডগুলো অক্ষত অবস্থায় পাওয়া গেছে। সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।
মিসরের নতুন প্রস্তাব: মিসরের মধ্যস্থতাকারীরা ইসরায়েল-হামাস অস্ত্রবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে, যেখানে আট বছর ধরে অবরুদ্ধ গাজার বেশ কিছু ক্রসিং খুলে দেওয়া এবং ত্রাণ ও নির্মাণসামগ্রী যাওয়ার অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা গতকাল এ কথা জানান। ইসরায়েল মানলে হামাসসহ ফিলিস্তিনিরাও এ ধরনের প্রস্তাব মানবে বলে ইঙ্গিত দেন তিনি।