ফিলিস্তিনের সঙ্গে বন্ধন আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় ব্যক্ত করে ভারত দ্বিরাষ্ট্র সমাধানে নীতিগত অবস্থান দৃঢ়তর করার ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সফরের সময় বৈঠকে তাঁকে এ আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত মঙ্গলবার হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মাহমুদ আব্বাসের দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট গত রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছান। গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর তিন দিনের সফর শুরু হয়।
নরেন্দ্র মোদি আগামী জুলাই মাসে ইসরায়েল সফরে যাবেন। এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্টের এই সফর ভারতের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টারই প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বৈঠকে মোদি ও আব্বাস তথ্য বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী করার এবং আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ব্যাপারে একমত হন।
দুই নেতার মধ্যে বৈঠক শেষে ফিলিস্তিন ও ভারতের মধ্যে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, কৃষি ও তরুণ প্রজন্মের উন্নয়নে সহযোগিতা অন্যতম।
চুক্তি স্বাক্ষরের পর এক যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, ভারত আশা করে, ইসরায়েলের পাশে সার্বভৌম, স্বাধীন, ঐক্যবদ্ধ এবং স্থিতিশীল ফিলিস্তিনের প্রয়োজনীয়তা বিশ্ব উপলব্ধি করবে।