ফিলিস্তিন-ইসরায়েলিদের মধ্যে চরম উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। এদিকে, ফিলিস্তিনের রকেট হামলার জবাবে গতকাল সোমবার গাজা উপত্যকায় বিমান হামলার কথা জানায় ইসরায়েল। খবর আল-জাজিরার।
ইহুদি নববর্ষ পালনকে কেন্দ্র করে গত ১৩ সেপ্টেম্বর থেকে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত ২৭ সেপ্টেম্বর ইহুদিরা আট দিনব্যাপী ধর্মীয় উৎসব উদ্যাপন শুরু করলে আবার দুদিন চলে দুই পক্ষের সংঘর্ষ।
এরপর গত বৃহস্পতিবার জাতিসংঘের ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, টেম্পল মাউন্টে ইসরায়েলের অসৎ উদ্দেশ্য রয়েছে বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এই প্রচারণা বন্ধের জন্য আব্বাসের প্রতি আহ্বান জানান তিনি। সেই দিনই পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে এক ইসরায়েলি দম্পতি নিহত হন। এরপর গত শনিবার রাতে বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নিহত এবং এক নারী ও শিশু আহত হয়। এর জবাবে গত রোববার জেরুজালেমের পুরোনো শহরের আল-আকসা মসজিদে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রবেশ দুদিনের জন্য নিষিদ্ধ করে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রসঙ্গত, ইহুদিরাও আল-আকসাকে তাদের সবচেয়ে পবিত্র স্থান মনে করে। তারা একে বলে টেম্পল মাউন্ট।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানায়, রোববারের সংঘর্ষ চলাকালে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর গোলাবারুদ ও বুলেট ছোড়ে ইসরায়েলি বাহিনী। চলে তুমুল সংঘর্ষ। এ সময় তুলকার্ম তল্লাশি চৌকিতে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেন ফিলিস্তিনি তরুণ হুথাইফা সুলাইমান (১৮)। তবে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মারা যান ওই তরুণ। পিআরসিএস আরও জানায়, এ সংঘর্ষে প্রায় চার শ ফিলিস্তিনি আহত হন। এদের মধ্যে দেড় শ জন বুলেটবিদ্ধ এবং দুই শতাধিক ফিলিস্তিনি কাঁদানে গ্যাসের প্রভাবে চিকিৎসাধীন রয়েছেন।
পশ্চিম তীরের জেনিন এবং পূর্ব জেরুজালেমেও ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ হয়। এমনকি ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ও এর স্বাস্থ্যকর্মীদের ওপরও ইসরায়েলি বাহিনী হামলা করে। পরে সেখানকার রেড ক্রিসেন্ট পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে জরুরি অবস্থা জারি করে।
এদিকে গাজায় গতকালের রকেট হামলার দায় স্বীকার করেছে সালাফি জঙ্গিরা। যদিও এর জন্য হামাসকে দায়ী করে পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল। তবে এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর মেলেনি।