ফিল্ড মার্শাল খেতাব পেলেন ফনসেকা

শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকা ফিল্ড মার্শাল খেতাব পেয়েছেন। দেশটিতে তিনিই প্রথম এ খেতাব পেলেন।
আজ সোমবার বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, শ্রীলঙ্কার নতুন সরকার গতকাল রোববার ফনসেকাকে সেনাবাহিনীর সর্বোচ্চ খেতাব দেয়।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য ফনসেকাকে সম্মানজনক ফিল্ড মার্শাল খেতাব দেওয়া হয়েছে।
রাজধানী কলম্বোয় এক অনুষ্ঠানে ফনসেকাকে এই খেতাব দেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। তিনি বলেন, ৬৪ বছর বয়সী সাবেক সেনাপ্রধানের ব্যাপারে ন্যায়বিচার নিশ্চিত করা তাঁর সরকারের দায়িত্ব ছিল।
২০০৯ সালে তামিলবিরোধী যুদ্ধে সফলভাবে নেতৃত্ব দেন তৎকালীন সেনাপ্রধান ফনসেকা। পরে তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে তাঁর মতবিরোধ দেখা দেয়। সেনাবাহিনী ছেড়ে ২০১০ সালে রাজাপক্ষের বিরুদ্ধে নির্বাচন করে হেরে যান ফনসেকা।
এরপর অযৌক্তিক মামলায় দোষী সাব্যস্ত করে ফনসেকাকে কারাগারে পাঠান রাজাপক্ষে। আন্তর্জাতিক চাপের মুখে ২০১২ সালের মে মাসে ফনসেকাকে মুক্তি দিতে বাধ্য হয় সরকার। রাজাপক্ষেকে হারিয়ে ক্ষমতায় আসা সিরিসেনার সরকার নির্বাহী ক্ষমতাবলে ফনসেকার বিরুদ্ধে থাকা সব অভিযোগ বাতিল করেছে।