ফুকুশিমার তেজস্ক্রিয়তায় ক্যানসারে আক্রান্ত দাবি করে ছয়জনের মামলা
জাপানে থাইরয়েড ক্যানসারে আক্রান্ত ছয় যুবক দেশটির ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন। ওই কেন্দ্র থেকে ছড়ানো তেজস্ক্রিয়তার কারণে তাঁরা ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিযোগ করে বৃহস্পতিবার মামলাটি করা হয়।
মামলার বাদীদের বর্তমান বয়স ১৭ থেকে ২৭ বছরের মধ্যে। তাঁরা ফুকুশিমা অঞ্চলের বাসিন্দা। ২০১১ সালের মার্চে শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির কারণে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তখন ওই যুবকদের বয়স অনেক কম ছিল।
গতকাল টোকিও ডিস্ট্রিক্ট কোর্টে পারমাণবিক কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টিইপিসিও) বিরুদ্ধে মামলাটি করা হয়। এ সময় তাঁদের আইনজীবীদের পাশাপাশি ভুক্তভোগী অনেকেই আদালতে উপস্থিত ছিলেন।
পরে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে সমাবেশ করেন। মামলার বাদীপক্ষ ক্ষতিপূরণ হিসেবে ৫৪ লাখ মার্কিন ডলার দাবি করেন।
ফুকুশিমার পারমাণবিক কেন্দ্রে বিপর্যয়ের ফলে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার সঙ্গে থাইরয়েড ক্যানসার হওয়ার সাধারণ কোনো সম্পর্ক নেই বলে জানায় ফুকুশিমার আঞ্চলিক সরকারের গঠিত বিশেষজ্ঞ প্যানেল। এখন বিষয়টিই আলোচনার মূল বিষয় হিসেবে উঠে এসেছে।
গত বছর প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র বিপর্যয়ের এক দশক পরও ওই বিপর্যয় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষায় সরাসরি প্রভাব ফেলবে না। জাতিসংঘের ইফেক্টিভ অব অ্যাটম রেডিয়েশনের সায়েন্টিফিক কমিটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেজস্ক্রিয়তার কারণেই শিশুদের উচ্চমাত্রার থাইরয়েড ক্যানসার হয়েছে, বিষয়টি নিশ্চিত হতে আরও কঠোর পরীক্ষা-নিরীক্ষার দরকার।
তবে মামলার বাদীপক্ষের আইনজীবীরা বলেছেন, তাঁদের মক্কেলের কেউই বংশগতভাবে ক্যানসারে ভোগার প্রমাণ নেই। তেজস্ক্রিয়তার কারণেই তাঁদের এই রোগ হয়েছে।