ফুকুশিমার ধানে তেজস্ক্রিয়তা পাওয়া যায়নি
জাপানের ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হওয়ার পর ওই অঞ্চলে প্রথমবারের মতো তেজস্ক্রিয়তামুক্ত ধান পাওয়া গেছে। ২০১১ সালে ফুকুশিমায় সুনামিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের।
ধান উৎপাদনে জড়িত এক সরকারি কর্মকর্তা সুনেকি ওনামি বলেন, গত বছর উৎপাদিত তিন লাখ ৬০ হাজার টন ধান পরীক্ষা করা হয়েছে। কোনো ধানে ক্ষতিকর তেজস্ক্রিয়তা পাওয়া যায়নি।
এর আগে ২০১২ ও ২০১৩ সালে দুই দফায় ধানের তেজস্ক্রিয়তা পরীক্ষা করা হলেও সে বছরগুলোতে ধান পুরোপুরি তেজস্ক্রিয়তামুক্ত হয়নি। এর ফলে জাপানের মাছ এবং কৃষিপণ্য রপ্তানি বন্ধ হয়ে যায়। এতে কৃষক ও জেলেরা বড় সমস্যায় পড়ে। ফুকুশিমার দুর্ঘটনার পর অনেক দেশ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করে।
দক্ষিণ কোরিয়া ২০১৩ সালে ফুকুশিমাসহ জাপানের আটটি অঞ্চল থেকে আমদানি বন্ধ করে দেয়। দক্ষিণ কোরিয়ার একটি বিশেষজ্ঞ দল গত মাসে ফুকুশিমার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে। বিশেষজ্ঞরা তেজস্ক্রিয়তা পরিমাপের পদ্ধতিগুলো পরীক্ষা করার পর তারা আবার আমদানি চালু করার বিষয়টি বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের বিশেষজ্ঞরা চলতি মাসে আবারও জাপান সফরে যেতে পারে।